পুরান ঢাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ, কুষ্টিয়ায় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজারে ছিনতাইকারীদের গুলিতে চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ধর্মঘটে বন্ধ ছিল সাড়ে চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে যোগ দেন প্রতিবাদ মিছিলে। আর আফিল উদ্দিনের কুষ্টিয়ার মিরপুর উপজেলার গ্রামের বাড়িতে ছিল শোকের ছায়া। তাঁর মরদেহ দেখতে গ্রামের বাড়িতে ভিড় করে শত শত লোক। বেলা সাড়ে ১১টার দিকে বাবুবাজার ও বাদামতলী এলাকার চালের আড়তদার, কর্মচারী ও শ্রমিকেরা বাবুবাজারে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি বাবুবাজার ও বাদামতলী ঘুরে নয়াবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর গোড়ায় গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে মিছিলটি বাবুবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দুপুর একটার দিকে ‘বাদামতলী-বাবুবাজার চাউল আড়তদার সমিতি’র সদস্যরা সমিতির কার্যালয়ে জরুরি সভা করেন। সভায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা, আফিল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাবুবাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানানো হয়। একই দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরাও তাঁদের দোকানপাট বন্ধ রাখেন বলে তিনি জানান। নিজাম উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার দোকানপাট যথারীতি খোলা থাকবে।আফিল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ওষুধ, রাসায়নিক ও প্রসাধনী, কাচ ও আয়না মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা আধাবেলা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপসচিব এস এম মনির হোসেন বলেন, দিনের বেলায় একজন ব্যবসায়ীকে হত্যা করে টাকা নিয়ে যাওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক। বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, কেমিক্যাল ও পারফিউম ব্যবসায়ীদের কাছে ফোনে চাঁদা দাবি করা হচ্ছে। বাংলাদেশ কাচ ও আয়না ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর বলেন, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না। কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আফিল উদ্দিন হত্যার ঘটনায় তাঁর মামা আজম খান অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে থানায় মামলা করেছেন। অস্ত্রসহ গ্রেপ্তার আবদুল খালেককে গতকাল আদালতে হাজির করা হয়। আফিল উদ্দিন হত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওসি জানান। আফিল উদ্দিনের গ্রামে শোকগতকাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আইলচারা গ্রামে চাল ব্যবসায়ী আফিল উদ্দিনের লাশ দেখার জন্য শেষবারের মতো জমায়েত হয় কয়েক শ লোক। গত মঙ্গলবার রাতেই লাশ পৌঁছায় গ্রামের বাড়িতে। আফিল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, কফিনের পাশে স্বজনদের আহাজারি। তাদের মধ্যে রয়েছে আফিল উদ্দিনের একমাত্র শিশুকন্যা রাইসা। ভাইয়ের মৃত্যুর খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে পৌঁছেই জ্ঞান হারান তাঁর ছোট বোন। এভাবে বারবার মূর্ছা যাচ্ছিলেন পরিবারের সবাই। বৃদ্ধ বাবা মোজাম্মেল বিশ্বাস ও মা সুফিয়া খাতুনের আবেদন ‘তোমরা আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও, যত টাকা লাগে তোমরা নিয়ে যাও। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না, তাহলে কেন এমন মরণ হলো।’ স্ত্রী রুমা খাতুন শোকে যেন পাথর হয়ে গেছেন। বেলা তিনটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আফিল উদ্দিনের মরদেহ দাফন করা হয়।চাল সরবরাহ বন্ধের হুমকিআফিল উদ্দিনের মৃত্যুতে দেশের দ্বিতীয় বৃহত্তম চাল উত্পাদনকারী অঞ্চল খাজানগরে গতকাল কোনো চাতালে চাল উত্পাদিত হয়নি। প্রতিটি চাতালকলের সামনে ছিল কালো পতাকা। চাতালকলের মালিক-শ্রমিক শোক পালন করেন। আফিল উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া চালকল মালিক সমিতির সদস্যরা আইলচারা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, কুষ্টিয়ার ৪৫-৫০ জন চালকল মালিক ঢাকায় চালের ব্যবসা করেন। ব্যবসা করতে এভাবে যদি প্রাণ হারাতে হয়, তাহলে কুষ্টিয়ার আর কোনো চাল ব্যবসায়ী ঢাকায় চাল সরবরাহ করবেন না বলে তিনি হুঁশিয়ারি দেন।