পুরান ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজারে গতকাল বুধবার রাতে আবদুর রশীদ (৫০) নামে এক লোহা ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নয়াবাজারে নবাব ইউসুফ রোডে রশীদের উষা স্টিল নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে সারা দিনের বিক্রির ছয় লাখ টাকা ব্যাগে ভরে বাসার ফেরার উদ্দেশে দোকান থেকে বেরিয়ে মোটরসাইকেল চালু করছিলেন। এ সময় চার-পাঁচ ছিনতাইকারী তাঁকে লক্ষ্য করে গুলি করে ব্যাগভর্তি ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। শরীরে গুলি লাগলে রশীদ লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে ও গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে দুটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন রশীদ সাংবাদিকদের জানান, দোকান বন্ধ করে তাঁর দুই কর্মচারীকে বাসায় যাওয়ার কথা বলে দোকানের সামনে রাখা মোটরসাইকেলটি স্টার্ট করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁকে গুলি করে তাঁর কাছ থেকে ব্যাগভর্তি ছয় লাখ টাকা নিয়ে যায়। রশীদের বন্ধু শফিকুর রহমান জানান, রশীদকে গুলি করে আহত করার পর লোকজন ছিনতাইকারীদের ধরতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এ সময় এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। যোগাযোগ করা হলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।