পুরান ঢাকায় রাসায়নিক গুদামে হঠাৎ ধোঁয়া, এলাকায় আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানীটোলায় আজ বৃহস্পতিবার একটি রাসায়নিক গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকলে আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেভেন স্টার কেমিক্যাল নামের ওই প্রতিষ্ঠানসহ আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।প্রত্যক্ষদর্শী সেভেন স্টার কেমিক্যালের কর্মচারী ইউসুফ আলী জানান, আজ দুপুর ১২টার দিকে তিনি ব্যাংক থেকে গুদামের দিকে ফিরছিলেন। হঠাৎ ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন দেখতে পান। তিনি বলেন, হাইড্রোজেন পারক্সাইডের জার ফেটে ধোঁয়া বের হয়। ঘটনার পর অগ্নিপ্রতিরোধকযন্ত্রের সাহায্যে তারা ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।এদিকে এ খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমের কর্মী, ফায়ার সর্ভিস, র‌্যা-১০ ও পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। এরপর শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরের দিকে সোয়েব মারুফ হাসানের গুদাম ঘরে অভিযান চালান। সেখানে ফিনাইল, ইথাইল অ্যালকোহল, পেনজাইনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দেখা যায়। এসব ঝুঁকিপূর্ণভাবে রাখায় আদালত প্রতিষ্ঠানের মালিক সোয়েব মারুফ হাসানকে তিন লাখ টাকা জরিমানা করেন।সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জহুরুল হক প্রথম আলোকে বলেন, ফিনাইল ও ইথাইল অ্যালকোহল নিজে জলে না, কিন্তু আগুনকে জালাতে সাহায্য করে। তাই এগুলো ঝুঁকিপূর্ণ।এরপর আদালত যে গুদামে ধোঁয়ার সৃষ্টি হয়, সেখানে অভিযান চালান। সেখানে হাইড্রোজেন পারক্সাইড, সোডা ও বিভিন্ন ধরনের রং ঝুঁকিপূর্ণভাবে রাখায় আদালত প্রতিষ্ঠানের দুই মালিক নাহিদ ইসলাম ও তোতা মিয়াকে দেড় লাখ টাকা করে এবং দুই কর্মচারী আল-আমিন ও শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।