পুরান ঢাকায় রাসায়নিকের চার গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকায় ও গুদামে ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক পদার্থ রাখা এবং অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা না থাকায় পুরান ঢাকার চারটি রাসায়নিকের গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় একই কারণে দুটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৯ জনের মৃত্যুর পর সরকারি পদক্ষেপের অংশ হিসেবে এ অভিযান শুরু হয়। আবাসিক বাড়িতে অবৈধভাবে রাসায়নিক পদার্থ রাখা এবং গুদামে রাখা হলে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কি না, তা দেখতে গতকাল ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। বেলা সোয়া ১১টার দিকে আদালত পুরান ঢাকার ৬/১ আলী নেকী দেউড়িতে অবস্থিত বৈদ্যুতিক বাল্ব তৈরির কারখানা ‘কেমি ইলেকট্রিকে’ অভিযান চালান। তিনতলা টিনশেডের কারখানাটি আবাসিক এলাকায় এবং আগুন প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। দমকল বাহিনী থেকে লাইসেন্স নেওয়া হলেও মেয়াদ ছিল না। এলাকাবাসী অভিযোগ করেন, কারখানাটি ১৫-১৬ বছরের পুরোনো। রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে এ পর্যন্ত ছয়বার এতে আগুন লেগেছে।আবাসিক এলাকায় কারখানা নির্মাণ ও অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা না থাকায় আদালত এর দুই কর্মকর্তা শাহ আলম ও জাকির হোসেনকে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারখানার মালিক জাভেদ ইকবাল পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে কারখানাটি সিলগালা করে বংশাল থানার হেফাজতে দেওয়া হয়। এরপর আদালত পুরান ঢাকার আবুল হাসনাত রোডের সাব্বির টেক্স কেমিক্যালে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে মালিকসহ অন্যরা সরে পড়েন। প্রতিষ্ঠানটির দুটি গুদামের একটিতে ১০০ ড্রাম এসিড ও অপরটিতে প্রায় ২০০ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড পাওয়া যায়। আদালত কারখানাটি সিলগালা করে দেন। ৪৮ আবুল হাসনাত রোডের ম্যাশনস করপোরেশনের গুদামে ৫০০ বস্তা পলি প্রোপাইলিং ও ২০০ বস্তা পলি অ্যামুনিয়াম পাওয়া গেছে। কারখানার মালিক তখন ছিলেন না। যথাযথভাবে রাসায়নিক না রাখায় প্রতিষ্ঠানটি সিলগালা এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন আদালত। আদালত মেসার্স কামরু কেমিক্যালের গুদামে অভিযান চালান। ওই গুদামে রয়েছে আইসো প্রোপাইলিন অ্যালকোহল, কাঠে ব্যবহূত পলিশ থিনার, কীটনাশকে ব্যবহূত জাইলিন, তরল পেরাফিন, ইথাইলসহ নানা রাসায়নিক পদার্থ। সেখানে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা না করায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সোহেল আহমেদকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, পুরান ঢাকার বিভিন্ন আবাসিক ভবনের নিচে রাসায়নিক পদার্থের অনেক গুদাম আছে। এসব গুদাম থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রাসায়নিক পদার্থগুলো যথাযথভাবে সংরক্ষণ ও অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা আছে কি না, তা দেখতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র‌্যাব-২ ও মহানগর দাঙ্গাপুলিশের একটি দল আদালতকে সহায়তা দেয়।