পুরান ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোডে গতকাল বৃহস্পতিবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম শেখ শাহ আলম ওরফে অপু ওরফে ছোট অপু (২৫)। র‌্যাবের দাবি, অপু কোতোয়ালি ও বংশাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী ভুট্টো গ্রুপের সদস্য। তাঁর বিরুদ্ধে তাঁতীবাজার ও শাঁখারীবাজার এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের অপারেশন দল গতকাল ভোর পৌনে চারটার দিকে ইংলিশ রোড দিয়ে যাওয়ার সময় ট্রাকস্ট্যান্ডের পাশে সন্দেহভাজন কয়েকজন যুবককে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় ওই যুবকেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে তাঁরা পালিয়ে যান। পরে চিত্রামহল সিনেমা হলের সামনের রাস্তায় তাঁদের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর পুলিশ ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হয়। তারা জানায়, নিহত যুবকের নাম শেখ শাহ আলম ওরফে অপু। ঘটনাস্থল থেকে র‌্যাব চারটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে।সকাল সোয়া নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তাঁর মাথার ডান পাশে ও কপালের বাঁ পাশে গুলির চিহ্ন ছিল।র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের উপপরিচালক কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, অপু ভুট্টো গ্রুপের শীর্ষস্থানীয় নেতা। তিনি ভুট্টোর নামে তাঁতীবাজার, শাঁখারীবাজার ও আশপাশের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে অনেক ব্যবসায়ীকে টেলিফোনে হুমকি ও গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম হত্যাকাণ্ডের পেছনে অপু জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। দুই ভাই ও দুই বোনের মধ্যে অপু ছিলেন সবার ছোট। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর দেবরামপুরে।নিহত অপুর ভাগনি আফিয়া নাজনীন বলেন, সকালে ফোনে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে তিনি চিত্রামহল সিনেমা হলের সামনে গিয়ে লাশটি তাঁর মামা অপুর বলে শনাক্ত করেন। প্রায় ১০ বছর আগে আফিয়ার নানা-নানি মারা যান। এর পর থেকে অপু আলাদা থাকতেন। পরিবারের কারও সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না। দুই-তিন মাস পরপর ফোন করতেন। কী করেন, জানতে চাইলে বলতেন, ছোটখাটো ব্যবসা করেন।আফিয়া বলেন, ‘আমার জানামতে মামার বিরুদ্ধে কোনো মামলা নেই।’ তিনি অপুর মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে এর বিচার দাবি করেন। তিনি বলেন, ‘যেটা সঠিক, তা বের হওয়া উচিত।’তাঁতীবাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, অপু তাঁতীবাজার ও এর আশপাশের এলাকার ব্যবসায়ীদের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, অপুর বিরুদ্ধে ২০০৫ সালে বাড়িঘর ভাঙচুরের মামলা এবং ২০০৯ সালে একটি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।