পুরান ঢাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
পুরান ঢাকার ইংলিশ রোডে গত সোমবার গভীর রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুনুর রশিদ ওরফে কালা মামুন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাব বলেছে, মামুন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র্যাব সূত্রে বলা হয়েছে, নাশকতামূলক কাজের প্রস্তুতির খবর পেয়ে গত সোমবার রাত পৌনে তিনটার দিকে র্যাব-১০-এর একটি দল কোতোয়ালি থানার ইংলিশ রোডে যায়। র্যাবের সদস্যরা সেখানে ১০-১২ জন যুবককে দেখেন। এর কিছুক্ষণ পর র্যাবের সদস্যরা গুলির শব্দ পান। এ সময় তাঁরাও পাল্টা গুলি ছোড়েন। এরপর উভয়ের মধ্যে ১৫-২০ মিনিট গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করার কথা বলেছে র্যাব।র্যাবের ভাষ্য, গোলাগুলি শেষে সন্ত্রাসীরা পিছু হটে গেলে তারা একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। নিহত যুবকের নাম কালা মামুন বলে র্যাব জানতে পারে। কোতোয়ালি থানার পুলিশের একটি দল রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে ও একটি হত্যা মামলা করেছে। ভগ্নিপতি মোহাম্মদ ফরিদ সাংবাদিকদের বলেন, মামুন একটি চায়নিজ রেস্তোরাঁয় কাজ করতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে ফরিদ বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলায় তাঁর তিন বছর সাজা হয়েছিল। মামুনের বোন লায়লা আক্তার অশ্রুরুদ্ধ কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, ‘আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাঁর পায়ে গুলি করত, তবুও আমার ভাই বেঁচে থাকত। আমরা ভাই বলে ডাকতে পারতাম। আমার মা ছেলে বলে ডাকতে পারতেন, মামুনের মেয়ে বাবা বলে ডাকতে পারত।’ লায়লা বলেন, তাঁদের বাবা আবদুল মন্নাফ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের কর্মচারী ছিলেন। মামুনের স্ত্রী রেশমা আক্তার জানান, তিন-চার দিন ধরে মামুন বাসার বাইরে ছিলেন। তবে তিনি কোথায় বা কাদের সঙ্গে ছিলেন, সে ব্যাপারে কিছু বলেননি। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে তাঁরা মসজিদ এলাকার একটি বাসায় থাকতেন। র্যাব-১০-এর একজন কর্মকর্তা জানান, মামুনের বিরুদ্ধে কোতোয়ালি, বংশাল, শ্যামপুর ও চাঁদপুরসহ বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।