পুরান ঢাকায় সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১২০০
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ জন শিক্ষার্থী ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আজ সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বশীর আহমেদ জানান, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অজ্ঞাতনামা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ৬০০ ব্যবসায়ী এবং ৬০০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বেলা একটার দিকে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে এক সমঝোতা-বৈঠকে বসেন। বৈঠকে ব্যবসায়ী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিজ্ঞান অনুষদের ডিন আবু জাফর মোহাম্মদকে আহ্বায়ক করে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গতকাল বুধবার পুরান ঢাকার পাটুয়াটুলীতে চশমা কেনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আতঙ্কগ্রস্ত এক পথচারী মারা গেছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই ব্যবসায়ী ও ১৩ শিক্ষার্থী আহত হন।