পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
পুরান ঢাকার তাঁতীবাজারে আজ বুধবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাবার নাম হারুন উর রশিদ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে চারটার দিকে আবুল কালাম তাঁতীবাজার শিবমন্দিরের সামনে দিয়ে হেঁটে তাঁর বাবার সোনার দোকানে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি আবুল কালামের বুকের বাঁ-পাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাসা ৬৪/১/এ মীর হাজীরবাগে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আবুল কালামের খুনের ব্যাপারে এখনো কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।