পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে স্বর্ণকার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন প্রেমকৃষ্ণ রায় (৩৯) নামের একজন স্বর্ণকার। তিনি ২০ কৈলাস ঘোষ লেন, সূত্রাপুরের অধিবাসী। পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, সকালে প্রেমকৃষ্ণ রায় তাঁর ভাইয়ের মেয়েকে লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাহাদুর শাহ পার্কের সামনে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর পথ রোধ করে। সন্ত্রাসীরা প্রেমকৃষ্ণ রায়কে ৯-১০টি গুলি করে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।প্রেমকৃষ্ণ রায়ের ভাই অমলকৃষ্ণ রায় প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই মাস আগে প্রেমকৃষ্ণ দুবাই থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি যৌথভাবে একটি স্বর্ণালংকার তৈরির কারখানা দেন। গত কয়েক দিন ধরে সন্ত্রাসীরা তাঁর কাছ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছে বলে তিনি জানান।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হানিফ জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।