পুরান ঢাকায় ৯০ ভরি স্বর্ণালংকার ডাকাতি
পুরান ঢাকার এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ডাকাতেরা সবার মুখ বেঁধে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। আজ শনিবার বিকেলে নারিন্দার হূষীকেশ দাস রোডে এ ঘটনা ঘটে।ব্যবসায়ী সোহেল আহমেদের শ্যালক নাজিম আক্তার প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে কালো বোরকা পরিহিত এক নারী ও তাঁর সঙ্গে আরেক পুরুষ ৮৫/এ, ৮৬ হূষীকেশ দাস রোডের ফটকে কর্তব্যরত দারোয়ানকে এসে বলে তাঁরা নিচতলার শাহনাজ আপার বাসায় জাকাতের কাপড় নিতে এসেছেন। এ কথা শুনে দারোয়ান গেট খুলে দেন। তাঁরা নিচতলায় শাহনাজ বেগমের বাসার কলবেল বাজান। এ সময় ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে তাঁরা ওই বাসায় ঢুকে শাহনাজের মেয়ে রেশমার কাছে পানি খেতে চান। রেশমা পানি আনতে গেলে ডাকাতেরা বাসার গৃহকর্মীকে মুখে মাথা থেকে গলা পর্যন্ত কালো কাপড় পরিয়ে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে মেঝেতে ফেলে রাখে।এরপর তাঁরা একইভাবে রেশমাকে কালো কাপড় পরিয়ে তার গলায় প্লাস্টিকের কাপড় পেঁচিয়ে ফেলে রাখে। এ সময় ডাকাতেরা স্টিলের আলমারি ভেঙে ৯০ ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা নিয়ে দরজা অটোলক করে পালিয়ে যায়।নাজিম আক্তার বলেন, পুরো ছয়তলা বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে তাঁদের পরিবারের সদস্যরা থাকেন। ঘটনার সময় তাঁর বোন শাহনাজ বেগম পাঁচতলায় ছিলেন। এ সময় তাঁর ভগ্নিপতি ব্যবসায়ী সোহেল আহমেদ রাবার কারখানা থেকে বাসায় ফিরে কলবেল বাজান। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাননি। পরে তিনি বাড়ির পেছনে গিয়ে গেটের তালা ভেঙে ঢুকে তাঁর মেয়ে ও গৃহকর্মীকে অচেতন অবস্থায় পান। পরে বাসায় চিকিত্সক ডেকে এনে চিকিত্সার ব্যবস্থা করা হয়। এরপর রেশমার জ্ঞান ফিরে এলে সে পুরো ঘটনার বর্ণনা দেয়।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ির গেটে দারোয়ান থাকলেও স্বর্ণালংকার লুটের ঘটনা প্রত্যাশিত নয়। ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও র্যাব এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তিনি এটাকে চুরির ঘটনা বলে দাবি করেছেন।