পুরানা পল্টনে পুলিশ-পিকেটার সংঘর্ষ, রাজধানীতে আটক ১১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে আজ সোমবার সকাল থেকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি, শিক্ষানীতি ও হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অর্ধশত কর্মী বেলা একটার দিকে রাজধানীর পুরানা পল্টনে মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৪ জনকে আটক করে। সকালে র্যাব ও পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ৮০ জনকে আটক করে। হরতাল সফল করতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের জড়ো হতে দেয়নি। রাজধানী ছিল অনেকটাই পিকেটারশূন্য। যান চলাচলও বেশ স্বাভাবিক।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা ২০ মিনিটে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেগুনবাগিচা থেকে ১১ জন, কাকরাইল মোড় থেকে সাতজন, পল্টন ও মোহাম্মদপুর থেকে ১২ এবং বায়তুল মোকাররমের আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের মহানগর দক্ষিণ শাখার নেতা-কর্মীরা সকালে হরতালবিরোধী মিছিল বের করে। তবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতা হেদায়েতউল্লাহ হাদী সকাল ১০টার দিকে দাবি করেছিলেন, ওই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’বেলা একটার দিকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক ওয়াসেল দাবি করেন, রাজধানী থেকে তাদের ২০০ কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিপেটায় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, বিকেল পাঁচটায় মুক্তাঙ্গনে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। হরতাল সফল করতে গতকাল রোববার মুক্তাঙ্গনে সমাবেশ করে মুফতি ফজলুল হক আমিনী হরতালের সময় কোরআন শরিফ নিয়ে এবং কাফনের কাপড় পরে রাজপথে নামার আহ্বান জানান। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে আছে বলে সরকারি সূত্র জানায়।