‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ এই প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ফরেনসিক বিভাগের প্রধানকে ২৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ও রুল জারি করেন।ধর্ষণের শিকার নারীর শারীরিক ও বয়স নির্ধারণের পরীক্ষা পুরুষ চিকিৎসকের মাধ্যমে করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসচিব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ দৈনিক ‘প্রথম আলো’তে ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, জাইদী হাসান খান ও নূর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।শুনানিতে আইনজীবীরা বলেন, প্রতিবেদনে দেখা যাচ্ছে, ফরেনসিক বিভাগে কোনো নারী চিকিৎসক নেই। ধর্ষণের শিকার নারীদের শারীরিক পরীক্ষা করছেন পুরুষেরা। এটা সংবিধানের মৌলিক ধারাগুলোর পরিপন্থী। এর মাধ্যমে নারীরা দ্বিতীয়বার ধর্ষণের শিকার হচ্ছেন। সুতরাং এ বিষয়ে নির্দেশনা প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশনা দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।