পুরুষ দলের মহিলা কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় থেকে কোচ হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু তিহানা নেমচিচের ব্যাপারটা আলাদা। ক্রোয়েশিয়ার জাতীয় মহিলা দলের সাবেক এই ফুটবলার হয়েছেন পুরুষ দলের কোচ!অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বিভিন্ন বয়সী ফুটবলাররা। ১২ বছর বয়সী কিশোরের সঙ্গে আছেন ৩৩-৩৫ বছর বয়সী খেলোয়াড়ও। মাঝখানে দাঁড়িয়ে ফুটবলারদের দিকনির্দেশনা দিচ্ছেন হাইহিল পরা ২৪ বছর বয়সী এক তরুণী। সজোরে চিৎকার করে বলছেন, ‘দ্রুত দৌড়াও! থেমো না! নির্ভুল পাস দাও!’মাঠে খেলাই শুধু নয়, মেয়েরা এখন নানাভাবেই খেলাধুলার সঙ্গে যুক্ত। তাই বলে পুরুষ ফুটবল দলের কোচ হওয়ার দুঃসাহস? বিস্ময়কর ও বিচিত্র। তবে ভুল পড়েননি। রূপবতী। ২০০৮ সালে ক্রোয়েশিয়ার ‘ক্রীড়া সুন্দরী’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনালেও গিয়েছিলেন। চাইলে মডেলিংকে পেশা হিসেবে নিতে পারতেন। কিন্তু তাতে ইতিহাসে নাম লেখানো হতো না।ক্রোয়েশিয়ার প্রথম নারী হিসেবে পুরুষ ফুটবল ক্লাবের কোচ হয়েছেন তিনি। গত মাসেই দায়িত্ব নিয়েছেন ক্রোয়েশিয়ার পঞ্চম বিভাগের অপেশাদার ক্লাব ভিক্টোরিয়া ভোয়াকোভাচের। ক্লাবটিও আলোচনায় আসার অসৎ উদ্দেশ্য থেকে নয়, সম্পূর্ণ আস্থাবান হয়েই দায়িত্ব দিয়েছে তিহানা নেমচিচকে।কঠিন এই পথটা নেমচিচ বেছে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবেই, ‘আমার জন্য এটা ছিল চ্যালেঞ্জ।’ কোচ হওয়ার পক্ষে তাঁর ব্যাখ্যা, ‘আমি তো দেখি না, পুরুষদের চেয়ে কোচ হিসেবে আমি কম কেন হব? যেখানে আমার দক্ষতা আছে, প্রশিক্ষিত ও শিক্ষিত।’নিজের প্রতি অগাধ বিশ্বাস। আর নিজের প্রতি তাঁর এই বিশ্বাসের পারদটা উঁচুতে বিশ্বের কত কোচকেই তো আদর্শ মেনে এগোতে পারেন। যদিও কোচিং পেশায় নিজের দর্শনেই নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছা তাঁর। বলেছেন, ‘মরিনহো (রিয়াল মাদ্রিদ কোচ), গার্দিওলা (বার্সেলোনার সাবেক কোচ), ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ) প্রত্যেকেরই একটা নিজস্ব দর্শন আছে।’ একজন ভালো কোচ হতে হলে কোন গুণটি থাকা চাই, সেটাও ভালো করেই জানা ২৪ বছর বয়সী তরুণীর, ‘একজন ভালো কোচ হওয়ার জন্য অপরিহার্য বিষয় হলো, আপনি কী চান, সেটা অন্যদের মধ্যে সঞ্চারিত করার জ্ঞান থাকা।’একজন কোচের প্রথম কাজ হলো খেলোয়াড়দের আস্থা অর্জন। সেটা তো আছেই, নেমচিচ এরই মধ্যে জয় করে নিয়েছেন শিষ্যদের মনও। ক্রিস্টিয়ান ক্লাসান নামে ক্লাবের এক ফুটবলার বলেছেন, তিহানার কোচ হয়ে আসাটা তাঁদের মধ্যে অন্য রকম একটা বিস্ময়ের জন্মই দিয়েছিল, ‘যখন শুনলাম, আমরা একজন নারী কোচ পেতে যাচ্ছি, আমরা বিস্মিত হয়েছিলাম।’ ৩৩ বছর বয়সী ডিফেন্ডার এবং গাড়িচালক এটাও বলেছেন, ‘কিন্তু সে খেলোয়াড়দের কাছে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে। আমরা তার নির্দেশনা মেনে চলি।’নেমচিচ একই সঙ্গে ক্লাবটির জুনিয়র খেলোয়াড়দেরও অনুশীলন করাচ্ছেন। ১২ বছর বয়সী ভ্যালেন্তিনো গুডিচের তো নতুন কোচকে নিয়ে মুগ্ধতার শেষ নেই, ‘একজন নারী কোচ পাওয়াটা খুবই ভালো। সে খুব কড়া নয়। তবে সে জানে, সে কী চায়।’ তাঁর অনুশীলনের কৌশল দেখে মুগ্ধ দর্শকও। নেমচিচ অর্জন করেছেন ক্লাব কর্তৃপক্ষের আস্থাও।নিজের যোগ্যতা দিয়েই নেমচিচ দ্রুত অর্জন করে নিচ্ছেন সবার আস্থা। আর ফুটবলের প্রতি ভালোবাসাটা তো তাঁর রক্তের সঙ্গেই মিশে গেছে। অ্যাথলেটিকস দিয়ে ক্রীড়াঙ্গনে পা ফেললেও একটা সময় ফুটবলই হয়ে ওঠে তাঁর একমাত্র ভালোবাসা। তাঁর পেছনেও আছে চমৎকার এক গল্প। অ্যাথলেটিকসের অনুশীলন করতে গিয়ে তাঁর দেখা হয় এক ফুটবলারের সঙ্গে, যিনি আবার তাঁর শহরের সেরা ফুটবলার। খেলা দেখতে দেখতে মনের অজান্তেই একদিন ভালোবেসে ফেলেন ছেলেটিকে। ওই ছেলের কারণেই ফুটবল তাঁর হূদয়ে জায়গা করে নেয় ১ নম্বরে। স্মৃতিচারণা করে নিজেই বলেছেন, ‘আমি অ্যাথলেটিকসের অনুশীলন করতাম। আমার বয়স যখন ১৩, একটা ছেলের সঙ্গে আমার ভালোবাসা হয়, যে শহরের সেরা ফুটবলার ছিল। আমি ওকে নিয়মিত অনুসরণ করতাম, ওর টেকনিকগুলো দেখতাম। কিন্তু পরের গ্রীষ্মেই আমাদের ভালোবাসায় ছেদ পড়ে। কিন্তু জন্ম নেয় ফুটবলের প্রতি ভালোবাসা। সেটা আজও আছে।’এই ভালোবাসাই তাঁকে অ্যাথলেটিকস থেকে টেনে নিয়ে আসে ফুটবলের মাঠে। ডায়নামো মাকসিমির জাগরেব মহিলা দলের পাশাপাশি খেলেছেন ক্রোয়েশিয়ার জাতীয় মহিলা দলের হয়েও। হয়তো জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে মাঠ দাপিয়ে বেড়াতেন এখনো। কিন্তু বাদ সাধে চোট। তাই খেলা ছেড়ে নাম লেখান কোচ হিসেবে। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৭ মহিলা দলকে কোচিং করিয়েছেন। কোচিং করিয়েছেন একটা গার্লস স্কুলের ফুটবল দলকেও। কাজেই ফুটবলজ্ঞানের পাশাপাশি কোচিংয়ের অভিজ্ঞতাও তাঁর আছে। নিয়েছেন প্রশিক্ষণও। নিজের অর্জিত সেই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণজ্ঞান কাজে লাগিয়ে নেমচিচ সফলতা, অর্থাৎ প্রতিষ্ঠা পেতে চান পুরুষদের দলেও। এত বড় চ্যালেঞ্জ নেওয়ার সাহস যাঁর আছে, সফল তিনি নিশ্চয়ই হবেন।এএফপি অবলম্বনে খলিলুর রহমান