পুরুষ-লেখকেরা ঈশ্বরের মতো: তসলিমা
পুরুষ লেখকেরা ঈশ্বরের মতো বলে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনকে দেওয়া এক সাক্ষাত্কারে তসলিমা নাসরীন এই মন্তব্য করেন। সম্প্রতি টুইটারে লেখক সালমান রুশদীর সঙ্গে তসলিমার এক চ্যাটিং লড়াইয়ের পর পরই তিনি এমন মন্তব্য করলেন।তসলিমা নাসরীন বলেন, ‘আমরা নারী-লেখকেরা একটি পুরুষশাসিত বিশ্বে কাজ করি। বেশির ভাগ পুরুষ লেখকই খুব অহংকারী ও ঔদ্ধত্য আচরণ করেন। তাঁরা কোনো ধরনের সমালোচনাই সহ্য করতে পারেন না। নারী অধিকার নিয়ে যেসব নারী-লেখক কাজ করে যাচ্ছেন, তাঁরা এই সমাজে ‘অচ্ছুত’ হিসেবে বিবেচিত হন। নারী অধিকার একটি ঘৃণার বিষয়। আসলে পুরো বিষয়টা একটা গুজবে চলে। আপনি যদি বলেন, তিনি একজন ভালো লেখক, তাহলে মোটামুটি সবাই বলবে যে আসলেই তিনি একজন ভালো লেখক। এ ক্ষেত্রে তাঁর বই পড়ারও প্রয়োজন বোধ হয় না কারও। আবার কেউ যদি বলেন যে ওই লেখিকা ভালো তাহলেও সবাই বলবে, আসলেই তিনি ভালো লেখিকা।’নিজের সম্পর্কে পুরুষ-লেখকদের একটি মন্তব্য বলতে গিয়ে তসলিমা বলেছেন, ‘যখন আমার প্রথম বই প্রকাশিত হয়, তখন আমি চিকিত্সক হিসেবে প্রশিক্ষণার্থী ছিলাম। সেই শুরুতেই আমি অবিশ্বাস্য রকমের পাঠকপ্রিয়তা পেয়েছিলাম। আমার মতো ভাগ্যবান মনে হয় খুব কম লেখিকাই আছেন।‘ভারতীয় উপমহাদেশের বেশির ভাগ জায়গাতেই আমি বেস্ট সেলার লেখিকা। কিছু কিছু পুরুষ লেখক এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেন না। আমার বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করার জন্য তাঁরা সরকারের কাছে আবেদন করেছিলেন। আমার বিরুদ্ধে মামলাও করেছিলেন। আমার মতো নিষিদ্ধঘোষিত ও নির্বাসিত লেখক বিশ্বে আর কেউ আছেন বলে মনে হয় না। আমি যদি পুরুষ-লেখক হতাম, তাহলে হয়তো এমনটা হতো না।’