পুরুষের পেটে মানবভ্রূণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক পুরুষের পেটে মানবভ্রূণের অস্তিত্ব পাওয়া গেছে। আবদুল মালেক (৪০) নামে ওই ব্যক্তির পেটে ভ্রূণটি জীবিত আছে, তবে অপূর্ণাঙ্গ। সিটিস্ক্যানে শিশুর মতো হাত-পা, চোখ ও মেরুদণ্ড দেখা গেছে। মাথা অসম্পূর্ণ, এক পাশ দেখা গেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।চিকিৎসকেরা বলছেন, এটি বিচিত্র নয়, তবে অস্বাভাবিক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফিটাস ইন ফিটু’। ‘ফিটাস’ মানে গর্ভাবস্থায় ভ্রূণ। একটি ভ্রূণ আরেকজনের শরীরে ঢুকে গেছে। সোজা কথায়, মালেক যখন মায়ের গর্ভে ছিলেন, তখন যমজ বাচ্চা ছিল। কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অন্য ভ্রূণটি মালেকের পেটে চলে গেছে।চিকিৎসকেরা জানান, বিশ্বে এ ধরনের ৯০ জন রোগীর সন্ধান মিলেছে। অনলাইন তথ্যকোষ উইকিপিডিয়া ও ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, ১৯৯৯ সালে ভারতের নাগপুরে সঞ্জু ভগত নামে ৩৬ বছর বয়সী এমনই একজনকে পাওয়া গিয়েছিল, যিনি দীর্ঘদিন ধরে তাঁর যমজকে পেটে বয়ে বেড়াচ্ছিলেন। মালেকের বাড়ি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মিরাপুর গ্রামে। গত ২৮ এপ্রিল তিনি পেটে ব্যথা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। তাঁর পেট প্রসূতি নারীদের মতো ফোলা। হাসপাতালে ভর্তির পর টিউমার ভেবে চিকিৎসকেরা তাঁর আলট্রাসনোগ্রাম করেন। তেমন কিছু না পেয়ে মালেকের সিটিস্ক্যান করা হয়। এতে দেখা যায়, পেটে পাকস্থলীর পেছনে অপূর্ণাঙ্গ শিশু।আবদুল মালেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চার ভাই, এক বোন। তিনি ভাইদের মধ্যে দ্বিতীয়। ছোটবেলা থেকেই তাঁর পেট সামান্য বড় ছিল। তখন থেকেই কাজকর্ম করতে গেলে কিছু সমস্যা হতো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পেট ফুলতে থাকে। তাই তিনি কাজ করতে পারতেন না। পেটে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা হতো। অনেকবার গ্রামের চিকিৎসকদের কাছে গেছেন। সবাই ব্যথার ওষুধ দেন। এবার ব্যথা বেশি হওয়ায় বড় হাসপাতালে এসেছেন।গতকাল মিরাপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে কথা হয়। সম্পর্কে তিনি মালেকের মামা হন। নজরুল জানান, ছোটবেলা থেকেই মালেককে দেখে আসছেন। বছর বিশেক আগে তাঁর পেটের এক পাশ শক্ত ছিল, অন্য পাশ ছিল নরম। ধীরে ধীরে পুরো পেট শক্ত ও বড় হয়ে যায়। বছর পাঁচেক আগে বিয়েও করেছিলেন তিনি। তবে মালেকের মানসিক সমস্যার কারণে দাম্পত্য জীবন দুই বছরের বেশি স্থায়ী হয়নি।গতকাল হাসপাতালের গ্রন্থাগারকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মাসুদুর রহমান জানান, মালেক মানসিক প্রতিবন্ধীও। তাঁর শরীর থেকেই ভেতরের শিশুটি খাবার পাচ্ছে। যে কারণে তিনি পুষ্টিহীনতায় ভুগছেন। এক প্রশ্নের জবাবে মাসুদুর রহমান জানান, মালেককে সুস্থ করে তুলতে হলে অপূর্ণাঙ্গ শিশুটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হবে। মাসুদুর রহমান বলেন, তাঁর জানামতে, বছর কয়েক আগে ঢাকায় এমন একজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।