পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন, বলেই মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে নারী সাংবাদিক কেন’, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের বিভিন্ন অজুহাত তুলে আজ শনিবার নগরে বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েজন নারী সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মারধর ও বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনকে প্রচণ্ড মারধর করা হয়। এ কারণে তাঁকে হাসপাতাল থেকে চিকিত্সা নিতে হয়। তবে কয়েকজন নারী সাংবাদিক নাম প্রকাশ করতে রাজি হননি।নাদিয়া শারমিন হেফাজতে ইসলামের সমাবেশের খবর সংগ্রহ করছিলেন। এ সময় সমাবেশ থেকে প্রশ্ন তুলে বলা হয়, ‘পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন?’ এ নিয়ে নাদিয়ার সঙ্গে সমাবেশকারীদের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সমাবেশের নাদিয়াকে মারতে মারতে সমাবেশ থেকে বের করে দেওয়া হয়।এ সময় কয়েকজন সাংবাদিক এসে নাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিত্সা শেষে নাদিয়া বাসায় ফিরে যান।নাদিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক হাসান জাকির প্রথম আলো ডটকমকে বলেন, হাতে থাকা পানির বোতলসহ যে যেভাবে পেরেছে তা দিয়েই সমাবেশকারীরা নাদিয়াকে মেরেছে। চিকিত্সকেরা বলেছেন, বর্তমানে নাদিয়া শঙ্কামুক্ত। তবে তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জ্যেষ্ঠ প্রতিনিধি জাকিয়া আহমেদ বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী গার্ডেন সিটির কাছে দায়িত্ব পালন করছিলেন। কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তার সড়ক বিভাজনের উল্টো পাশ দিয়ে মারকাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশের ব্যানারে একটি মিছিল যাচ্ছিল। জাকিয়া সড়ক বিভাজনের পাশে দাঁড়িয়ে মিছিলের ব্যানারের স্লোগানগুলো টুকে নিচ্ছিলেন। এ সময় মিছিলের মাঝখান থেকে একজন তর্জনী তুলে রুদ্র মূর্তি ধারণ করে জাকিয়ার দিকে তাকিয়ে বলেন, ‘ওই মাইয়্যা, মাথায় কাপড় নাই ক্যান?’জাকিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। সেই ব্যক্তির আচরণ এতটাই ভয়ংকর ছিল যে রীতিমতো আমি ভয় পেয়েছি। সেই সময় কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আর কথা বলিনি।’ জাকিয়া জানান, এ সময় মিছিলের অন্যরা খুব মজা পাচ্ছিল। ‘মেয়ে মানুষ, সাংবাদিক’ ইত্যাদি নিয়ে বাজে মন্তব্য করছিলেন অন্যরা।‘ফিন্যানসিয়াল এক্সপ্রেস’-এর নিজস্ব প্রতিবেদক আরাফাত আরা অফিসে যাওয়ার জন্য বিজয়নগর থেকে হেঁটে আসছিলেন। পল্টন মোড়ের কাছাকাছি গেলে শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি ‘কথা আছে’ বলে তাঁর পথ রোধ করেন। পরে দাড়িওয়ালা টুপি পরা আরও তিন-চারজন আসেন। তাঁরা আরাফাত কোথায় যাচ্ছেন তা জানতে চান। আরাফাত জানান, তিনি অফিসে যাচ্ছেন। এ সময় একজন আরাফাতকে মাথায় কাপড় দিয়ে তারপর যেতে বলেন। আরাফাত বলেন, ‘আমি তাঁদের বলি, দেশটা তো আমার। আমি কীভাবে চলব তা কি আপনারা বলে দেবেন?’ আরাফাত বলেন, তখন সেই লোকগুলো জানায়, ‘দেশের পরিস্থিতি খারাপ। আমার নিরাপত্তার জন্যই নাকি তাঁরা এ পরামর্শ দিয়েছেন।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী দেশের বাইরে থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি। এ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ছাড়া প্রতিমন্ত্রীও দেশে নেই। প্রতিমন্ত্রী দেশে ফিরলে ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ এদিকে এসব ঘটনার প্রতিবাদে নারী সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা আগামীকাল বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন।