বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বিপাশা হায়াত। প্রযোজনা করেছেন তারেক আখন্দ। আজকের অতিথি অদিতি মহসীন। কথা হলো তাঁর সঙ্গে।কোনো অনুষ্ঠানে নাকি?হ্যাঁ, একুশে টিভির ‘তারা ভরা রাতে’র রেকর্ডিং হচ্ছে। আজ (বুধবার) তিনটি পর্বের রেকর্ডিং হবে। গান করবেন বুলবুল ইসলাম, নন্দিতা ইয়াসমীন ও সজীব। বিষয়ভিত্তিক ও সৃজনশীল ধারার বাংলা গানের অনুষ্ঠান। আমি উপস্থাপনা করছি। প্রযোজনা করছেন মাসুদুল হাসান। ১৮টি পর্ব প্রচারিত হয়েছে। মাঝে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। এখন আবার অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করব।‘বিপাশার অতিথি’তে আপনি অতিথি হয়েছেন। অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।অনুষ্ঠানটির উপস্থাপক বিপাশা হায়াত। তিনি আগে থেকেই যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন। তাই কথা বলে ভালো লেগেছে। আলোচনার মূল ভাবনা ছিল—আমরা কেন রবীন্দ্রসংগীত এত ভালোবাসি। পুরো অনুষ্ঠানটি রবীন্দ্রনাথকে নিয়েই। এসেছে রবীন্দ্রসংগীতের বাণীর গভীরতা বিষয়টি। আরও ছিল, রবীন্দ্রনাথের গানে দেশি ও বিদেশি সুরের প্রভাব। আলাপের ফাঁকে বিপাশা ‘রবীন্দ্রনাথের সংগীতচিন্তা’ বই থেকে পাঠ করেছেন, আমি গান করেছি। আমার শান্তিনিকেতনের স্মৃতি নিয়েও কথা বলেছি।ইদানীং অনুষ্ঠান নিয়ে খুব ব্যস্ত নাকি?হ্যাঁ, ২৪ নভেম্বর যাচ্ছি যমুনার তীরে। ওখানে শুক্রবার ‘চ্যানেল আই-সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। ওখানে আমি করব রজনীকান্তের গান। ‘ছায়ানটের পঞ্চাশ বছর’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। এখানে শনিবার সন্ধ্যায় গান করব। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যালবাম তৈরি করেছে। নাম চিরন্তনী। ২৭ নভেম্বর এই অ্যালবামের মোড়ক খুলবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গান করব আমি ও মনোময় ভট্টাচার্য । এবার আপনার নিজের অ্যালবামের খবর বলুন।গত জুলাই মাসে বেঙ্গল ফাউন্ডেশন থেকে এসেছে সখা তোমারে পাইলে। এইচএমভি থেকে এসেছে আমার আঁধার ভালো। এইচএমভির সঙ্গে আমার চার বছরের চুক্তি হয়েছে। এখান থেকে প্রতিবছর আমার একটি অ্যালবাম বের হবে। এরই মধ্যে তিনটি বেরিয়েছে। চতুর্থটি আসবে আগামী পঁচিশে বৈশাখে।