এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। পরিচালনা করেছেন আফসানা মিমি। নাটকে ‘রাসমনি’র চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। কথা হলো তাঁর সঙ্গে।‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।অতি চমৎকার। কাজে কোনো ফাঁকি নেই। আর পরিচালকের দক্ষতার কথা তো বলতেই হবে। আগে অনেক শিল্পীর কাছ থেকেই শুনেছি, মিমির ওখানে নাকি কোনো কষ্ট হয় না। চারদিকে খেয়াল থাকে ওর। কোথাও এতটুকু ভুল হওয়ার সুযোগ নেই। আর জায়গাটা খুব পছন্দ হয়েছে। কারণ, গল্পটা তো ষাটের দশকের। তাই এখানে সময়, কাল আর পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর নাটকে ব্যবহার করা জিনিসপত্রও ছিল ওই সময়ের। এসব কাজে মিমি শতভাগ সফল হয়েছে। আসলে বিশাল কাজ করতে হলে পরিকল্পনাটাও বিশাল হতে হয়। সঙ্গে পরিশ্রম। শুধু মিমির কথা বলছি কেন, ওর কাজের পুরো দলটাই ছিল এক রকম। কেউ কোনো আপস করেনি। পুরো আয়োজনটা আমাকে মুগ্ধ করেছে।এ নাটকে কাজ করার সময় কোনো ঘটনার কথা মনে পড়ে?নাটকের যে সময়টার কথা বলা হয়েছে, সে ব্যাপারে আমি ছিলাম খুব বেশি সচেতন। আর সঙ্গে আমার চরিত্রটি, রাসমনি। গল্পে রাসমনি কিন্তু বেশ রাশভারী মানুষ। তার ঘর, পোশাক, আসবাব—সবকিছুর মধ্যেই একটা ঐতিহ্যের ছোঁয়া ছিল। তাই ঘরে ঢুকেই আমার মনটা ভরে গিয়েছিল। আমি ফল খেতে খুব ভালোবাসি। আশপাশে ছিল নানা ধরনের ফলের গাছ। সেখান থেকে আমার জন্য অন্যরা ফল নিয়ে আসত। আমার সঙ্গে ওরাও খেত।নীলচাষ নিয়ে একটা নাটক হচ্ছে, আপনি তো এটাতে অভিনয় করছেন?হ্যাঁ। নাটকের নাম নীল। অসীম গোমেজ পরিচালনা করছে। এক লটের কাজ শেষ হয়েছে। আমি কাজ করেছিলাম রোজ গার্ডেনে। ঢাকার ভেতরে এত সুন্দর জায়গা! আর কাছাকাছি হওয়ায় সময়টাও কম লেগেছে।মঞ্চে কিছু করছেন?এখন তো থিয়েটারের মুক্তি, মাধবী আর মেরাজ ফকিরের মা নাটকের নিয়মিত প্রদর্শনী হচ্ছে। এগুলোতে আমি কাজ করছি। এখন পান্থ শাহরিয়ারের লেখা একটি নাটক নিয়ে কাজ হচ্ছে। ত্রপা সেটা নির্দেশনা দিচ্ছে। এই নাটকের মহড়ায় দুই দিন আমি গিয়েছিলাম।