পুরো কাজ না করেই বিল তুলে নিলেন ঠিকাদার
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গণেশপুর আশ্রয়ণ প্রকল্পের ১০০টি ক্ষতিগ্রস্ত ঘরের সংস্কারকাজ পুরোপুরি সম্পন্ন না করেই ঠিকাদার বিল তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সদর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর মাঝে গড়ে ওঠা চর গণেশপুরে সরকার ভূমিহীনদের জন্য ২০০১ সালে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে শতাধিক পরিবারকে পুনর্বাসিত করে। ২০০৩ সালের পর থেকে একাধিক ঝড় ও জলোচ্ছ্বাসে প্রকল্পের ১০০টি ঘরই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়।উপজেলা পরিষদ অফিস সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে ত্রাণ মন্ত্রণালয়ের আশ্রয়ণ প্রকল্প শাখা থেকে একটি প্রকৌশলী দল গণেশপুর আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করে। দলটি ক্ষতিগ্রস্ত ঘর, টয়লেট ও ব্যারাকের চার পাশে উঁচু বাঁধ দেওয়াসহ ২৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে। কিন্তু গত মার্চ মাসে উপজেলা পরিষদ ‘গণেশপুর আশ্রয়ণ প্রকল্প’ সংস্কারকাজের জন্য দুবারে প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দ করে। সংস্কারকাজের দায়িত্ব পান মহসিন নাগর নামের একজন ঠিকাদার। তাঁর পক্ষে কাজ করেন মজিবুর হক ওরফে সবুজ নামের একজন ঠিকাদার। গত ২২ জুন কাজের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার কাজ শেষ করেন জুলাই মাসে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সংস্কারকাজের চার ভাগের এক ভাগ কাজও সম্পন্ন করা হয়নি। ৬ নম্বর ব্যারাকের ১০টি ঘরই ভাঙাচোরা। প্রতিটি ব্যারাকে তিনটি টয়লেট থাকার কথা থাকলেও ওই ব্যারাকে কোনো টয়লেট নেই। ওই ব্যারাকের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘এট্টু বিষ্টি আইলেই ঘর বিজজা (ভিজে) যায়।’ ৭ নম্বর ব্যারাকের একই অবস্থা। তবে এ ব্যারাকে টয়লেট আছে, কিন্তু তার বেড়া নেই। লোকেরা বস্তা কেটে আড়াল করেছে। ১০টি ব্যারাকের প্রায় প্রতিটি ঘরেই কমবেশি সংস্কার করতে হবে। পুরো আশ্রয়ণ প্রকল্পে ১০টি ব্যারাকসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কাজ সংস্কারের কথা থাকলেও কয়েকটি টয়লেটের বেড়া লাগানো ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজ করা হয়নি।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাছির জমাদ্দার, রফিক চৌকিদার, আবদুর রশিদ মাঝি ও আলী আহমেদ ফরাজী ক্ষতিগ্রস্ত ঘরে ছাউনি ফুঁটো হয়ে যাওয়ায় পলিথিন দিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর অবস্থায় বসবাস করছেন। বৃষ্টি পড়লে ঘরের মেঝেসহ সবকিছু ভিজে যায়। আবদুর রশিদ মাঝির স্ত্রী ফিরোজা বিবি বলেন, ‘আগে বাড়ি আছিল বঙ্গের চর। ম্যাঘনায় সব ভাইঙ্গা নেওনে এনে আইয়্যা উটছি। অইন্যোহানে যাওনের পথ নাই, হের লাইগ্য মুখ কামরাইয়্যা পইরা আছি।’ আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ও ব্যারাকের বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, ‘জোয়ারের উচ্চতা বাড়ায় আর ঘন ঘন ঝড়-বাতাস হওয়ায় প্রকল্পের মাটির লেভেল কমে চরের লেভেলে মিশে যাচ্ছে। ফলে অতি উচ্চ জোয়ারে প্রকল্প এলাকায় ও ঘরে পানি প্রবেশ করে। দীর্ঘদিন দাবি জানিয়ে এলে এ বছর সরকার আমাদের দিকে মুখ তুলে চেয়েছিল। কিন্তু ঠিকাদার পক্ষ কাজ না করেই বরাদ্দ টাকা লুটপাট করেছে।’অভিযুক্ত ঠিকাদার মজিবুর হক ওরফে সবুজ বলেন, ‘ওই আশ্রয়ণ প্রকল্পে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার এক ভাগ টাকাও বরাদ্দ হয়নি। যা বরাদ্দ হয়েছে, তার থেকে আড়াই লাখ টাকা কাটা হয়েছে পুরাতন মালামালের দাম হিসাবে। বাকি টাকার কাজ ঠিকমতোই করা হয়েছে। আমি বরং ক্ষতিগ্রস্ত হয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম ফকির বলেন, ‘যে টাকা বরাদ্দ হয়েছে, আমি সে টাকার কাজ না বুঝে বিল পরিশোধ করিনি। আমি প্রকৌশলী পাঠিয়েছি। তাঁরা প্রথমবার রিপোর্ট দিয়েছেন, তাঁরা আট লাখ টাকার কাজ করেছে। পরে আরও বাকি টাকার কাজ করানো হয়েছে।’