বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) পলাতক ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং অন্য দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবিরের পক্ষে জেরার জন্য ৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেন আদালত।গতকাল বাদী এ এফ এম আসিফ আদালতকে বলেন, ‘২০০৬ সালের ৪ জুলাই সাব্বির নিহত হন। ঘটনার রাতে সাব্বির সাড়ে ১১টায় বাসায় ফেরেন। একটু পরেই তাঁর মোবাইলে কল আসে। সাব্বির ফোন ধরে বলেন, সানবীর ভাই। তখন আমি বুঝতে পারি, অপর প্রান্তে সানবীর। দুজনের মধ্যে কথোপকথন হতে থাকে। সাব্বির বারবার বলেন, “সানবীর ভাই, মাত্র বাসায় এসেছি, এখন অনেক রাত, এখন আর বের হব না।” তার পরও সানবীর তাঁকে বের হতে বলেন। আমার সম্বন্ধি সাব্বির বারবার অপারগতা জানান। একপর্যায়ে আমি ও আমার স্ত্রী বেডরুমে চলে যাই। পরদিন সকালে আমি অফিসে চলে যাই। আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে সাব্বির নেই। সকাল নয়টার দিকে আমার স্ত্রীর কাছে খবর আসে, সাব্বিরের দুর্ঘটনা ঘটেছে। পরে সাব্বিরের বোন বাসার দারোয়ানের কাছে জানতে পারে, সাব্বির রাত ১২টায় বেরিয়ে গেছেন। তখন বাসার গেটের কাছে দুটি গাড়ি আসে। একটি গাড়িতে উঠে সাব্বির চলে যান।’সাক্ষী আরও বলেন, ‘আমার স্ত্রী আমাকে বিষয়টি জানানোর পর আমি বসুন্ধরা অফিসে যোগাযোগ করে বিষয়টি জানার ও বোঝার চেষ্টা করি। তখন আমি সানবীর ও আহমেদ আকবর সোবহান সাহেবের খোঁজ করি। টেলিফোনে আমাকে জানানো হয়, ওনারা মিটিংয়ে ব্যস্ত আছেন। কিছুক্ষণ পর বসুন্ধরার অন্যতম পরিচালক আবু সুফিয়ান আমার মোবাইল ফোনে জানান, সোবহান সাহেব ও সানবীর দেশে নেই। সাব্বির নিহত হয়েছেন বলেও জানান।’বাদী আরও বলেন, গুলশানের ১০৪ নম্বর রাস্তার জি/৩ নম্বর বাসায় যাওয়ার পর তাঁরা জানান, পাঁচতলার একটি ফ্ল্যাটে সাব্বির নিহত হয়েছেন। ওই ভবনের নিচে সাব্বিরের লাশ পড়ে ছিল। তিনি যাওয়ার আগেই লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। বাদী বলেন, ‘পরিবারকে কেন খবর দেওয়া হলো না, পুলিশ ও বসুন্ধরার লোকজন এর কোনো উত্তর দেয়নি। এরপর পাঁচতলার ফ্ল্যাটের দরজা খুলে দেখানো হয়। দেখে বুঝলাম, এটা বসুন্ধরার মালিকের পারিবারিক ফ্ল্যাট। সেখানে ওই পরিবারের ছবি ছিল।’বাদী এ এফ এম আসিফ আদালতকে আরও বলেন, ‘ওই সময় আসামি সামছুদ্দিনকে দেখতে পাই। আমি তখন বসুন্ধরার লোকজন দ্বারা পরিবেষ্টিত ছিলাম। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে সাব্বিরের লাশ দেখি। সাব্বিরের মাথার পেছনে রক্তাক্ত আঘাত দেখতে পাই। তখন পুলিশ ও বসুন্ধরার লোকজন ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে থাকে। পরে লাশ বাড়ি নিয়ে যাই। যাবার আগে থানায় এজাহার দায়ের করি। লাশ দাফন করার পর সোবহান সাহেব ফোন করে দেখা করতে চান এবং কথা বলতে চান। আমি ও আমার শ্বশুর অপারগতা প্রকাশ করি। তখন সোবহান সাহেব বলেন, কোনো আদালত ওনার বিচার করতে পারবে না।’গতকাল আসামি সামসুদ্দিন ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বলের পক্ষে আইনজীবী মাহবুব আহমেদ বাদীকে জেরা করেন।রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাব্বিরের ভগ্নিপতি এ এফ এম আসিফ আদালতে সাক্ষ্য দিয়েছেন। দুই আসামির পক্ষে জেরা করা হয়েছে। সানবীরসহ পলাতক তিন আসামির পক্ষে জেরা করা হয়নি। গত ২৫ জানুয়ারি পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী) হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম এবং আইনজীবী মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। ৯ মার্চ তাঁদের পক্ষে জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত।বাদী আসিফ সাংবাদিকদের বলেন, আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে বিচারাধীন বিষয়ে তিনি কিছু বলতে অস্বীকার করেন।রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি রফিকুল ইসলামকে আইনগত সহায়তা দেন বাদীর ব্যক্তিগত খরচে নিয়োগ দেওয়া আইনজীবী মোহাম্মদ নাসের উদ্দীন চৌধুরী।আসামিপক্ষে আইনজীবী ছিলেন টি এম আকবর, এ এফ এম আবদুল ওয়াদুদ, গাজী শাহ আলম ও মাহমুদ হোসেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এই মামলার প্রধান আসামি বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের ছেলে সানবীর এবং নূরে আলম ও হুমায়ুন কবির। সানবীর তৎকালীন বিএনপি সরকারের উচ্চমহলের যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি এই মামলায় সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন। আসামি সামসুদ্দিন ও উজ্জ্বল জামিনে আছেন।উল্লেখ্য, এই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, খুনের ঘটনা ধামাচাপা দিতে শাহ আলম বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ানের মাধ্যমে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্বারস্থ হয়েছিলেন। তারেক ও বাবর এই হত্যা মামলা ধামাচাপা দিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন। সর্বশেষ ৫০ কোটি টাকায় বিষয়টি রফা হয়। এর ২১ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়। এর মধ্যে এক কোটি টাকা হাওয়া ভবনে তারেক রহমানের এপিএস নূর উদ্দিন অপুর কাছে পৌঁছে দেন আবু সুফিয়ানের গাড়িচালক।মামলাটি ধামাচাপা দিতে লুৎফুজ্জামান বাবর ২০ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে সিআইডি অভিযোগপত্রে উল্লেখ করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। ঘুষ নেওয়ার অভিযোগে বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে। এ ছাড়া প্রভাব খাটিয়ে আসামিদের রক্ষায় সাহায্য করার অভিযোগে বাবর ও আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ চারজনের বিরুদ্ধে রমনা থানায় সিআইডির পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়।