পুরো টাকাটাই বাবাকে দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১১’ প্রতিযোগিতায় সেরা ‘ক্ষুদে গানরাজ’ হয়েছে কুষ্টিয়ার ছেলে মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় মহাউৎসব অনুষ্ঠিত হলো চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান স্বপন। কথা হলো মুন্নার সঙ্গে।তুমি এবার সেরা ‘ক্ষুদে গানরাজ’ হয়েছ। কেমন লাগছে?খুব ভালো লাগছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল রাফি অথবা পায়েল সেরা হবে। ওরা দুজনই কিন্তু খুব ভালো গান গায়। আমি যে সেরা হব, মনেই হয়নি। আমার খুব ভালো বন্ধু রাফি আর নীলা। নীলা আর পায়েল তো পুরস্কার পেয়েছে, কিন্তু রাফিটা কিছুই পেল না, ওর জন্য খারাপ লাগছে। ও যদি একটা পুরস্কার পেত, তাহলে খুব খুশি হতাম। পুরস্কার পাওয়ার পর মা-বাবার সঙ্গে কথা হয়েছে?মা-বাবা তো স্টেডিয়ামে ছিল। কিন্তু আমার সঙ্গে কথা হয়নি। আর ঘুম থেকে উঠে খুব সকালেই ঢাকায় চলে এসেছি। এবারই প্রথম বিমানে চড়েছি। দারুণ মজা হয়েছে। পাইলট দেখেছি। আকাশটা কাছ থেকে দেখেছি। মেঘগুলোকে ধরতে ইচ্ছে করছিল। নিচের সবকিছু পিঁপড়ার মতো লেগেছে।তুমি কোথায় পড়াশোনা করছ?কুষ্টিয়ায় হাসনাবানু কলেজিয়েট স্কুলে। ক্লাস ফোরে পড়ছি। প্রতিযোগিতার জন্য অনেক দিন স্কুলে যেতে পারিনি। স্কুলেও আমার অনেক বন্ধু। আর গান শিখছি ভাবনগর সংগীত আশ্রমে। আমার গুরু শফি মন্ডল। এবার তোমার বাসার কথা বলো।আমার বাবা ট্রাকের হেলপার। মাঝেমাঝে কাঁচা তরকারিও বিক্রি করে। মা বাড়িতেই থাকে। আমার একটা বোন আছে, বড়, নাম মুন্নী। এবার এসএসসি পরীক্ষা দেবে।তুমি তো অনেক টাকা পুরস্কার পেয়েছ। কী করবে?পুরো টাকাটাই বাবাকে দেব। বাবা ভালো কিছু কাজ করবে। আর আমি আরও গান শিখব, লেখাপড়া করব। বড় মানুষ হব। মা-বাবার আর কোনো দুঃখ-কষ্ট থাকবে না। আর একটা কথা, চ্যানেল আই, মেরিডিয়ান আর দর্শকদের সবাইকে ধন্যবাদ।