পুরো নাম না বলে ‘সাকা চৌধুরী’ বলায় সাক্ষীকে ‘বেয়াদব’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. সলিমুল্লাহকে তিনি এ কথা বলেন।গতকাল সলিমুল্লাহকে আসামিপক্ষের জেরা শেষ হয়। পরে এই মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালি জবানবন্দি দেওয়া শুরু করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সকালে আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। সলিমুল্লাহকে তৃতীয় দিনের মতো জেরা শুরু করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। আইনজীবী বলেন, কক্সবাজার একাত্তরে চট্টগ্রাম জেলার অধীনে একটি মহকুমা ছিল। জবাবে সাক্ষী বলেন, ঠিক। কক্সবাজারের শান্তি কমিটির সেক্রেটারি কে ছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘সেক্রেটারি কে ছিলেন তা বলতে পারব না, সভাপতি ছিলেন আপনার বাবা (আইনজীবী জহুরুল হক)।’ এটি প্রমাণের মতো দালিলিক প্রমাণ সাক্ষীর কাছে আছে কি না—এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘নেই। ৪০ বছর আগের ঘটনা, শুনেছি।’ জহুরুল হক শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না, এ বিষয়ে দালিলিক প্রমাণ আছে—আইনজীবীর এ বক্তব্যে সাক্ষী বলেন, এটি তাঁর জানা নেই। এরপর আহসানুল হক মত (সাজেশন) দেন, জহুরুল হককে হেয়প্রতিপন্ন করার জন্য সাক্ষী অসৎ উদ্দেশ্যে তাঁকে শান্তি কমিটির চেয়ারম্যান বলেছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।আইনজীবী মত দেন, সাক্ষী তদন্ত কর্মকর্তাকে নিয়ে গুডস হিলে গিয়েছিলেন, যাতে সাক্ষ্য দিতে সুবিধা হয়। এর আগে তিনি কখনোই গুডস হিলে যাননি। সাক্ষী বলেন, সত্য নয়। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ওপর লেখা কোনো বইয়ে সাক্ষীর ঘটনা উল্লেখ নেই—আইনজীবীর এ বক্তব্যে সাক্ষী বলেন, তিনি জানেন যে এক-দুটি বইয়ে তাঁর ঘটনা উল্লেখ আছে।গতকালও রাষ্ট্রপক্ষ জেরার বিভিন্ন প্রশ্ন নিয়ে আপত্তি জানায়। এ নিয়ে আসামিপক্ষের সঙ্গে তাঁদের বিতর্কও হয়। একপর্যায়ে ট্রাইব্যুনাল সঠিক পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রপক্ষকে আপত্তি জানাতে বলেন। এ সময় সাক্ষী বলেন, ‘ওনাদের অবস্থা দেখে তো আমার ত্রাহি ত্রাহি অবস্থা।’পরে আহসানুল মত দেন, সাক্ষী আনিসুল ইসলাম মাহমুদের (সাক্ষীর ভাগনে) প্ররোচনায় মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়। যত দূর জানি, সাকা চৌধুরী আনিসুল ইসলাম মাহমুদের বন্ধু। কেবল ‘সাকা চৌধুরী’ বলায় আসামির কাঠগড়া থেকে তিনি সাক্ষীর উদ্দেশে চিৎকার করে বলেন ‘বেয়াদব’। অবশ্য পরক্ষণেই সাক্ষী তাঁর পুরো নাম বলেন।নাম সংক্ষেপ করে বলায় এর আগেও আপত্তি জানিয়েছিলেন সাকা চৌধুরী ও তাঁর আইনজীবী। ট্রাইব্যুনালও তাঁর পুরো নাম বলতে সবাইকে নির্দেশ দিয়েছিলেন।এর কিছুক্ষণ পর সলিমুল্লাহকে জেরা শেষ হয়। মধ্যাহ্নবিরতির পর জবানবন্দি দেওয়া শুরু করেন তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম। তিনি বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল ২৩ বছর। তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মাঠপর্যায়ের কর্মী ছিলেন এবং পটিয়ায় নির্বাচনী প্রচারকাজে অংশ নিয়েছিলেন। এরপর তিনি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। একপর্যায়ে তিনি বলেন, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন ছিল মুসলিম লীগের ছাত্রসংগঠন। কিন্তু বিভক্ত হওয়ার পর এই ছাত্রসংগঠনের তেমন কাজ ছিল না, শুধু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ রাখত। চট্টগ্রাম অঞ্চলে এসব নেতার মধ্যে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম, হামিদুল কবীর চৌধুরী ওরফে খোকা, এনামুল হক।জবানবন্দির প্রথম ৪০ মিনিটে অভিযোগ-সংক্রান্ত কোনো বক্তব্য না থাকায় ট্রাইব্যুনাল জানতে চান, এতটুকু বক্তব্যের সঙ্গে মামলার সম্পর্ক কোথায়? রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম তখন বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে তিনি ধারাবাহিকভাবে জবানবন্দি দিচ্ছেন।এরপর আরও প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেন সিরাজুল। এর মধ্যেও সাকা চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগের বর্ণনা ছিল না। বিকেলে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।বিডিনিউজের সংবাদে আসামিপক্ষের আপত্তি: গতকাল কার্যক্রমের শুরুতে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমে বুধবার প্রকাশিত ‘গুডস হিল ওয়াজ আলশামস হেডকোয়ার্টারস’ শীর্ষক প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনেন আহসানুল হক। তিনি বলেন, প্রতিবেদনটির এক জায়গায় বলা হয়েছে, আইনজীবী হিসেবে তিনি ‘অপেশাদার’ মন্তব্য করেছেন। এটি কি একজন সাংবাদিক বলতে পারেন? প্রতিবেদনের আরও কয়েকটি জায়গায় আপত্তি তুলে তিনি বলেন, প্রতিবেদনের মাধ্যমে মানুষকে বিপথগামী করা হয়েছে। তিনি এ বিষয়ে নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালের আদেশ প্রার্থনা করেন।ট্রাইব্যুনাল আহসানুলের সঙ্গে একমত হয়ে বলেন, অপেশাদার শব্দটি ব্যবহার করা ঠিক হয়নি। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঠিকভাবে শব্দচয়ন করার পরামর্শ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, এমন কোনো শব্দ ব্যবহার করবেন না, যাতে কারও অনুভূতিতে আঘাত লাগে। আদেশের বিষয়ে ট্রাইব্যুনাল পরে বিবেচনা করবেন।