পুরো বই পড়বে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরন থাকে একই। এ ক্ষেত্রে পাঁচটি বড় প্রশ্ন এবং আটটি ছোট প্রশ্নের উত্তর দিতে হয়। বড় প্রশ্নে বেশির ভাগ ক্ষেত্রে দুটি অংশ থাকে, সে ক্ষেত্রে দেখা যায় প্রথম অংশে থাকে ৪ নম্বর, দ্বিতীয় অংশে থাকে ৮ নম্বরসহ মোট ১২ নম্বর। উত্তর লেখার বেলায় নম্বর বণ্টনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু প্রশ্নের সামনেই বণ্টন থাকে। যেমন ‘পৌরনীতির সংজ্ঞা দাও। পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো।’ এখানে প্রশ্নের উত্তরে ভূমিকা একটি প্যারাতে সুন্দর করে লেখার পর ‘পৌরনীতি’ শব্দের উৎপত্তিগত অর্থ, এরপর সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা লেখার বেলায় বিভিন্ন মনীষীর সংজ্ঞা লিখবে। এখানে কমপক্ষে দুজন কিংবা তিনজনের সংজ্ঞা দেওয়া যেতে পারে। তবে যদি কেউ এর চেয়ে বেশি লিখতে পারো, তাহলে সমস্যা নেই। তবে এ ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি প্রশ্নে বেশি সময় নিলে অন্য প্রশ্নের উত্তর লেখায় সমস্যা সৃষ্টি হতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নই সুন্দর ও সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। প্রথম দিকে উত্তরগুলোয় সময় যদি বেশি দেওয়া হয়, সে ক্ষেত্রে পরের প্রশ্নগুলোর সঠিক মূল্যায়ন সম্ভব হয় না। প্রশ্নের প্রথম ভাগের উত্তর লেখা শেষ হওয়ার পর দ্বিতীয় ভাগের উত্তর সুন্দরভাবে পয়েন্ট আকারে বিন্যস্ত করে লিখতে হবে। পয়েন্ট আকারে লেখার বেলায় ছাত্রছাত্রীদের একটি ভুল ধারণা রয়েছে; তা হলো, উত্তরে পয়েন্ট বেশি লিখলে নম্বর ভালো পাওয়া যায়। এ ব্যাপারে পরিষ্কার ধারণা থাকা উচিত। অর্থাত্ প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখতে হবে। অহেতুক পয়েন্ট বৃদ্ধি না করে কিংবা একই পয়েন্ট একটু ঘুরিয়ে লিখে পয়েন্ট বৃদ্ধি করা সমীচীন নয়। আর পড়ার বেলায় সব সময় টেক্সট বুক অনুসরণ করতে হবে, বাজারের কোনো নোট কিংবা গাইড নয়। এর অন্যতম কারণ হচ্ছে, মূল বই যদি অধ্যায়ভিত্তিক পড়া হয়, তাহলে পুরো অধ্যায় সম্পর্কে জানা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যায়ের যেকোনো জায়গা থেকে প্রশ্ন এলেও পরীক্ষার্থীরা তার উত্তর লিখতে পারবে। কিন্তু নোট পড়লে শুধু নির্দিষ্ট প্রশ্নের উত্তর সম্পর্কে পরীক্ষার্থী ধারণা পাবে। এ ছাড়া নোট বা গাইড পড়লে মুখস্থ করতে হয়, পক্ষান্তরে মূল বই পড়লে আত্মস্থ হয়, যা ছাত্রছাত্রীদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী রূপ লাভ করে। মুখস্থ করো না, আত্মস্থ করো। না বুঝে পড়ার কোনো উপকারিতা নেই। কিন্তু বুঝে পড়লে দীর্ঘ সময় মনে থাকে এবং পরীক্ষার হলে লেখার সময় তোমার নিজের থেকেই উত্তর লিখতে পারবে।