যেসব মন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে, শুধু তাঁদের সরানো নয়, পুরো মন্ত্রিসভার পদত্যাগ চেয়েছে বিএনপি।বেহাল মহাসড়ক ও দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, ‘পাহাড়সমান ব্যর্থতার জন্য কেবল মন্ত্রীদের পদত্যাগ নয়, প্রধানমন্ত্রী আপনি পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করুন এবং জনগণকে মুক্তি দিন।’আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।সরকারের দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে বিএনপিকে কিছু বলতে হচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারি দলের নেতারা সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছে। সরকারি দলের সিনিয়র নেতারা ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন। এমনকি সরকারের পক্ষের পত্রিকাগুলোতে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছে। সরকারের ব্যর্থ মন্ত্রীরা পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভা খালি হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর উচিত তাঁর মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।’ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আড়াই বছরের ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে পার পেতে চাইছে। এখন মহাজোটের শরিকরাও বলছে চারদলীয় জোট সরকারের ওপর দায় চাপানোর সেই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। মহাজোট সরকারের ব্যর্থতার কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধিসহ রাস্তাঘাটের এই বেহাল দশা। তিনি প্রশ্ন তোলেন, ‘গত আড়াই বছরে সরকারের অর্জন কী?’সরকারের ব্যর্থতা তুলে ধরে বিএনপির নেতা বলেন, সরকার জনগণকে গ্যাস, পানি, বিদ্যুত্, সড়ক কিছুই দিতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। সড়কে নিরাপত্তা নেই। সড়কের দুরবস্থায় গাড়ি চলছে না। তাই সড়কে মানুষের প্রাণহানি বাড়ছে। এই মৃত্যুর মিছিলে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা প্রাণ হারাচ্ছেন। মিশুক মুনীর, তারেক মাসুদের মতো বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা হারিয়ে যাচ্ছেন।সমাবেশের সভাপতি ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, নৌপরিবহনমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর আর সরকারে থাকার অধিকার নেই। নৌমন্ত্রী লাইসেন্স দেওয়ার নামে হস্তক্ষেপ করে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছেন।সমাবেশে বক্তব্যে দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ: দলের সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।