এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক উত্তরাধিকার। লিখেছেন তৌহিন হাসান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকে অভিনয় করেছেন হোমায়রা হিমু। কথা হলো তাঁর সঙ্গে।‘উত্তরাধিকার’ নিয়ে কিছু বলুন।পারিবারিক গল্প নিয়ে ধারাবাহিকটি। পরিবারের একেকজন সদস্য একেক রকম। আমরা দুই বোন। আমি আর মীম। আমার শখ মডেলিং করার। পরিবারের দিকে কোনো খেয়াল নেই। নিজের ইচ্ছেমতো চলাফেরা করি। মীম আবার অন্য রকম। পরিবারের প্রতি ও অনেক বেশি দায়িত্ববান। এবার ঈদে সময় টিভিতে আড্ডার অনুষ্ঠান উপস্থাপনা করলেন। কেমন লেগেছে? আমি কিন্তু আগেও টুকটাক উপস্থাপনা করেছি। সেগুলো আগেই রেকর্ডিং করা হয়েছিল। কিন্তু এবারের অনুষ্ঠানগুলো স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হয়েছে। একবার ভুল হলে সংশোধন করার কোনো সুযোগ নেই। এবার ঈদে এ ধরনের চারটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। কাজটা খুবই কঠিন। অতিথিদের সঙ্গে কথা বলা, ঠিক সময়ে অনুষ্ঠান শুরু করে ঠিক সময়ে শেষ করা, একটার পর একটা প্রশ্ন করা—খুব ঘাবড়ে গিয়েছিলাম। পুরোটা ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা।ঈদ তো শেষ। এখন কী নিয়ে ব্যস্ত?আবার সেই নাটকের শুটিং। এখন ধারাবাহিক নাটকের কাজ করছি। কদিন পর আবার কোরবানির ঈদের কাজ শুরু করব। ঈদের চার-পাঁচ দিন আগে পর্যন্ত কাজ করতে হবে।চলচ্চিত্রে অভিনয়ের কী খবর?এক কাপ চা ছবিতে অভিনয় করেছি। এখানে আমি একটি পানীয়র দোকানে কাজ করি। ফেরদৌস এখানে আসে। আমি চাই, ফেরদৌস আমার কাছে আসুক। কিন্তু ফেরদৌস আসে না। আমার চরিত্রটি একেবারেই অন্য রকম। ছবির গল্পটাই হলো মূল আকর্ষণ। অনেক ছোট ছোট চরিত্র চমৎ কার করে পরিচালক তুলে ধরেছেন। আমার তো মনে হয় ছবিটি দর্শকদের ভালো লাগবে।