পুরোটাই অবৈধ!
রাজধানীর পরীবাগে অভিজাত সব উঁচু ভবনের পাশে রং-বর্ণহীন একটি ভবন। উচ্চতায় ২০ তলা। দেখলেই বোঝা যায়, কোনো রক্ষণাবেক্ষণ নেই। প্রবেশপথে কোনো ফটক পর্যন্ত নেই। ভবনের চারদিকে প্রয়োজনীয় জায়গাও রাখা হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দাবি করেছে, ভবনটি পুরোটাই অবৈধ। কারণ, এটি নির্মাণের জন্য রাজউকের কোনো অনুমোদনই নেওয়া হয়নি। তবে ভবন নির্মাণকারীদের দাবি, এর অনুমোদন আছে। গার্ডেন টাওয়ার নামের এই ভবনে অনেকটা নিরাপত্তাহীনভাবে বসবাস করছে ৬৮টি পরিবার। পরীবাগ শাহ সাহেব রোডের ১ নম্বর প্লটে এর অবস্থান হলেও শেরাটন হোটেলের সামনের রাস্তা থেকে পশ্চিম দিকে তাকালেই চোখে পড়ে ভবনটি। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৯৯৯ সালে ১০ কাঠা জায়গার ওপর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। জমির মালিক রিয়াজ সেলিম বিদেশে থাকেন। মোস্তাক আহমেদ মল্লিক ও শফিউল ইসলাম ওরফে ছানা নামের দুই ব্যক্তি আবাসন নির্মাণকারী (ডেভেলপার) হিসেবে ভবনটি তৈরি করেন। ২০ তলা ভবনের ১৮ তলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাট সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। ওপরের দুটি তলায় শুধু ছাদ করে রাখা আছে। ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত শহরের কেন্দ্রস্থলে গড়ে ওঠা এই ভবনটির কোনো রকম খোঁজ রাখেনি রাজউক। এক-এগারোর পর রাজধানীর উঁচু ও অনুমোদনহীন ভবনের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলে রাজউকের পরিদর্শক ভবনটির সন্ধান পান। যে কারণে অবৈধ: ভবন নির্মাণকারী শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর অংশীদার মোস্তাক আহমেদ মল্লিকসহ তিনি রাজউকের অনুমোদন নিয়ে বৈধভাবেই ভবনটি নির্মাণ করেছেন। ১৯৯৯ সালে এটি তৈরির কাজ শুরু হয়। আট বছর পর এসে রাজউক বলছে, অনুমোদন নেই। রাজউক সূত্র জানায়, ২০০৭ সালে (নথি নং ২২৩/০৭) অনুমোদিত নকশা জমা দেওয়ার জন্য গার্ডেন টাওয়ারের মালিকপক্ষকে অনুরোধপত্র পাঠায় রাজউক। কিন্তু নকশা জমা না দেওয়ায় রাজউক তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে বলা হয়, নকশা প্রদান না করায় কেন এই বাড়ি সাত দিনের মধ্যে ভাঙা হবে না, তা জানাতে হবে। পরে চূড়ান্ত নোটিশ করে বলা হয়, বৈধ নকশা প্রদর্শন এবং সাত দিনের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হওয়ায় রাজউক বাড়িটি ভেঙে ফেলবে এবং এ বাবদ যাবতীয় খরচ মালিকপক্ষকে বহন করতে হবে। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ একটি অনুমোদিত নকশার (৩সি-৩৬৫/৯৯) ফটোকপি দাখিল করে। কিন্তু রাজউকের রেকর্ড কক্ষ থেকে বলা হয়, এই অনুমোদিত নকশাটি শহর ঢাকা মৌজায় (পুরান ঢাকাকে বলা হয়) অবস্থিত ১৭ তলার একটি ভবনের; যার দাগ নম্বর ৮ (অংশ)। অর্থাৎ ভবনটি জাল নকশার ওপর ভিত্তি করা নির্মাণ করা হয়েছে। জানতে চাইলে শফিউল ইসলাম বাড়িটির কত তলা পর্যন্ত অনুমোদন আছে তা প্রথম আলোকে সঠিকভাবে জানাতে পারেননি। তিনি একবার বলেন, ১৫ তলা পর্যন্ত অনুমোদন আছে। আরেকবার বলেন, ১৯ তলা পর্যন্ত আছে। পরে বলেন, তিনি ‘নাহার প্লাজা’ নামে আরেকটি ভবনের সঙ্গে এই বাড়ির উচ্চতা গুলিয়ে ফেলেছেন। এ পর্যায়ে তিনি অভিযোগ করেন, রাজউকের কাছে ৩০০ ভবনের ফাইল নেই। তাদের ভবনেরও ফাইল গায়েব করা হয়েছে।ভবনের আরেক অংশীদার মোস্তাক আহমেদ মল্লিক এখন বিদেশে আছেন। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বারবার লোক পাঠিয়েও ডেভেলপারদের কাছে সঠিক নকশা পাওয়া যায়নি। তিনি বলেন, রাজউকের রেকর্ড কক্ষে ভবনটির কোনো ফাইল নেই। নিয়ম অনুযায়ী অনুমোদিত ভবনগুলোর বিবরণ রাজউকের ডেসপাস রেজিস্ট্রি বইয়ে থাকার কথা। এই ভবনটি সম্পর্কে সে ধরনের কোনো তথ্য নেই।ফ্ল্যাট মালিকদের অভিযোগ: ওই ভবনে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁদের একটি সমিতি আছে। সমিতির সভাপতি এ টি এম খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ডেভেলপার একটি প্ল্যান দেখিয়েছেন, তার ভিত্তিতে ফ্ল্যাট কিনেছি।’ তিনি আরও বলেন, ‘এখন সমস্যা সমাধানের জন্য ডেভেলপারকে বারবার বলা হচ্ছে। কিন্তু তাঁরা কিছুই করছেন না।’ সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, ‘ডেভেলপার ওপরে আরও দুটি তলা নির্মাণ করতে গেলে আমরা আপত্তি করেছি। তাই আমাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে রমনা থানায় মামলা করেছেন তাঁরা।’ তিনি বলেন, ‘ভবনের অনেক কাজই বাকি ছিল। ডেভেলপাররা ফ্ল্যাট বিক্রি করেই খালাস। পরে ফ্ল্যাট মালিকদের কাছ থেকে চাঁদা তুলে ৩৫ লাখ টাকায় ভবনটি সংস্কার করা হয়েছে।’ একাধিক ফ্ল্যাট মালিক জানান, এত বড় ভবনে অনেক দিন ধরে পানির পাইপ ছিল মাত্র আধা ইঞ্চি ব্যাসের। পরে তাঁদের চাপে ডেভেলপার দেড় ইঞ্চি পাইপ লাগাতে বাধ্য হন। তাঁরা বলেন, ভবনটিতে প্রয়োজন চারটি লিফট, কিন্তু স্থাপন করা হয়েছে দুটি। এদিকে উঁচু ওই ভবনের আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, ভবনটি থেকে পার্শ্ববর্তী বাড়িগুলোর ওপর দৈনন্দিন বর্জ্য ফেলা হয়। ফ্ল্যাট মালিক সমিতিকে বলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।