পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে: সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ শেষ হয়েছে। প্রতিযোগিতায় এবার যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আবু হেনা রনি এবং পশ্চিমবঙ্গের ভিকি ও পার্থ। তাঁরা পেয়েছেন ৫৩.৫ নম্বর। শুধু তা-ই নয়, দর্শকের পাঠানো সর্বাধিক খুদে বার্তার (এসএমএস) হিসাবে ভিউয়ার্স চয়েস পুরস্কারও পেয়েছেন আবু হেনা রনি। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পশ্চিমবঙ্গের অপূর্ব রায়। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের আরেক প্রতিযোগী ঢাকার কল্যাণপুরের আনোয়ারুল আলম সজল। তাঁর প্রাপ্ত নম্বর ৫১। রোববার রাতেই মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় সজলের। তখন তিনি কলকাতার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে মীরাক্কেলের অন্য সব প্রতিযোগীর সঙ্গে আড্ডায় মেতে ছিলেন। জানালেন, ‘জমজমাট এক লড়াইয়ের মাধ্যমে মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালে শেষ হলো। বিচারকদের রায় থেকে শুরু করে জি বাংলার এ ধরনের একটি প্ল্যাটফর্মের জন্য আমরা সব বাংলাদেশি প্রতিযোগী অনেক বেশি খুশি।’ প্রথম আলো অনলাইন পাঠকদের জন্য সেটাই তুলে ধরা হলো—মীরাক্কেল নিয়ে যেমনটা ভেবেছিলেন, সে রকম কি হয়েছে?প্রথম দিকে যখন মীরাক্কেলে অংশ নিই, তখন আসলে একটি পর্ব পর্যন্ত অংশ নেওয়ার চিন্তাই ছিল। শুরুর দিকে কয়েকটা পর্বের পর প্রতিযোগিতা থেকে বাদও পড়ে যাই। এরপর যখন ঘুরে দাঁড়াই, তখন আসলে একটা জিদও কাজ করেছিল ভালো করার। তবে ভাবনায় ছিল না যে ফাইনাল পর্যন্ত আসতে পারব। আর এখন কিনা মীরাক্কেলে আমার অবস্থান তিন। এটা আসলে একেবারেই অবিশ্বাস্য ছিল। আমি মনে করি, মীরাক্কেলে দ্বিতীয় রানারআপ হওয়াটা শুধু আমার একার অর্জন নয়; পুরো বাংলাদেশের অর্জন। ফলাফল নিয়ে আপনি কতটা খুশি?সত্যি কথা বলতে কি, সেরা নয়, এই জায়গায় আসতে পেরে আমাদের সবারই আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়। এরপর নানাভাবে নিজেদের সেরা পারফর্ম্যান্সটা দেখানোর চেষ্টা করি। তবে গ্র্যান্ড ফিনালেতে দ্বিতীয় রানারআপ হব, এটা কখনো ভাবনায় ছিল না। তা ছাড়া দেখবেন, এবার কিন্তু ফাইনালের ফলাফল ঘোষণাটা ছিল একটু ব্যতিক্রম। মীর দা শুধু প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর ঘোষণা করছিলেন। ফলাফল কী, সেটা বলছিলেন না। আমার নম্বর ঘোষণা করে চলে যাওয়ার পরও সেটা টের পাইনি। গ্র্যান্ড ফিনালে নিয়ে আমরা সবাই আসলে এতটাই উত্তেজনায় ছিলাম যে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় লেগেছে।ফলাফল পরিবারের সদস্যদের জানালেন কবে?আমাদের গ্র্যান্ড ফাইনাল পর্বটি ধারণ করা হয় ১৪ মার্চ। শুটিং শেষ করতে করতে রাত প্রায় সাড়ে তিনটা বেজে যায়। তারপর অনুষ্ঠানস্থল থেকে ফিরে এসেই রাত সাড়ে চারটায় আব্বুর মোবাইলে ফোন দিই। একে একে আম্মুসহ বাসার সবাইকে ঘুম থেকে ওঠাই। তাঁরা বারবার জানতে চাইছিলেন ফলাফল। একটা সময় তাঁরা যখন খুব টেনশন করছিলেন, তখনই আমার সেকেন্ড রানারআপ হওয়ার খবরটা দিই। তাঁরা যে কী পরিমাণ খুশি হয়েছেন, সেটা আসলে বলে বোঝানো সম্ভব হবে না। বারবার জিজ্ঞেস করছিলেন কবে ঢাকায় ফিরব। আমি অবশ্য প্রতিটি অনুষ্ঠান শেষ করার পরই ঢাকায় ফোন করে ফলাফল জানাতাম। এতে করে আমাকে নিয়ে তাঁদের টেনশন কিছুটা কমত। তবে তা করতাম কাউকে না জানানোর শর্তে।ফলাফল জানার পর প্রথম কার কথা মনে হয়েছে?বাবার কথা। কারণ বাবার হাতে এখনো পর্যন্ত তেমন কিছুই দিতে পারিনি। মীরাক্কেলের মাধ্যমে অন্তত একটি ট্রফি তাঁর হাতে তুলে দিতে পারছি। এটা যে আমার জন্য কত আনন্দের, তা বলে বোঝাতে পারব না। আমি অসম্ভব খুশি হয়েছি। ছোট্ট এক জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এখনো যেন স্বপ্ন মনে হয়।মীরাক্কেল তো শেষ হলো, এখন কী করবেন ভাবছেন?জামিল ভাই ঢাকায় ফিরে গেছেন ৩০ মার্চ রাতে। অন্য সবাইসহ আরও কয়েকজন বাংলাদেশি প্রতিযোগীসহ আমরা এরই মধ্যে ‘মীরাক্কেল অসমসালা’ নামের নতুন আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। তাই আপাতত এটি নিয়ে ব্যস্ত থাকতে হবে। এটি শেষ করেই দেশে ফেরার চিন্তা করতে হচ্ছে।