পুরোনো কথাই শোনালেন যোগাযোগমন্ত্রী
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২০তম সভায় পুরোনো কথাই নতুন করে শোনালেন যোগাযোগমন্ত্রী। রেল ভবন মিলনায়তনে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে রাস্তাঘাট উন্নয়নের জন্য গত আড়াই বছরে গৃহীত পদক্ষেপগুলোরই পুনরাবৃত্তি করেছেন তিনি। এর আগে সকালে বৈঠক শুরুর আগে মিলনায়তন থেকে সাংবাদিকদের বের করে দেন নৌপরিবহন ও যোগাযোগমন্ত্রী।সভা শেষে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, কারও সুপারিশ বা চাপে কাউকে লাইসেন্স দেওয়া হবে না। পরীক্ষা ছাড়া কাউকে লাইসেন্স দেওয়ার প্রশ্নই আসে না। সরকারের একজন মন্ত্রীর সুপারিশে ২৪ হাজার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন ‘আমার কাছে অনেকেই অনেক সুপারিশ করেন। অনেক সাংবাদিকও সুপারিশ করেন। কিন্তু এসব সুপারিশে কাজ হবে না।’সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বলেন, মহাসড়কে নসিমন, করিমন চলছে। সেটা বন্ধ করা হবে। পরীক্ষা ছাড়া কাউকে লাইসেন্স দেওয়া হবে না। সড়কের বাঁক ঠিক করা হবে। যানবাহনে সিট বেল্ট ও হেলমেট পরা বাধ্যতামূলক করা হবে। চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলা যাবে না। তিনি আরও বলেন, ভুয়া ড্রাইভিং লাইসেন্স চিহ্নিত করলে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সড়কের আশপাশ থেকে হাটবাজার উচ্ছেদ করা হবে।এসব সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকেরা বলেন, এর আগেও বিভিন্ন সময়ে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেগুলোর কেন বাস্তবায়ন হয়নি, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এবার উচ্চপর্যায়ের কমিটি করব। এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু থাকবেন। এ কমিটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।’এ সময় সাংবাদিকেরা যোগাযোগমন্ত্রীকে বলেন, সড়ক, মহাসড়কে হাটবাজার উচ্ছেদ, মুঠোফোনে কথা বলা বন্ধ প্রভৃতি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিয়েছিল। কিন্তু মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারেনি। এ কাজ যোগাযোগ মন্ত্রণালয় কীভাবে করবে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকের সমস্যা এক দিনের নয়। ২০০৮ সালে ক্ষমতায় এসে এসব সমস্যা পেয়েছি।’সাংবাদিকেরা এ সময় গত আড়াই বছরে কী করেছেন, এ প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবই।’ কবে নাগাদ করবেন জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধান্ত নিয়ে এক দিনেই বাস্তবায়ন করা যায় না।এর আগে সকালে সভা থেকে সব সাংবাদিককে বের করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা বৈঠকে বসেন। সভার শুরুতে বিআরটিএর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। বেলা ১১টার দিকে যোগাযোগমন্ত্রী সভায় পৌঁছেন।এরপর নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সভায় সাংবাদিকেরা থাকতে পারবেন না। সভাটি শুধু সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের জন্য।’ যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের সভা থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘সভার সিদ্ধান্ত আপনাদের ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’এ সময় উপস্থিত সাংবাদিকেরা এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, এটি সেনাবাহিনীর অস্ত্র কেনার মতো গোপন বৈঠক নয়। তাহলে কেন সাংবাদিকেরা থাকতে পারবেন না? এর জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এটি জনসভা নয়। জনসভা হলে সভা পল্টনেই করতাম।’এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও সাংবাদিকদের সভা থেকে চলে যেতে অনুরোধ করেন। এ সময় সাংবাদিকেরা বলেন, আজকের বৈঠকের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের সকাল সাড়ে ১০টায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে কেন আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল? এমন প্রশ্নের জবাবে আমন্ত্রণপত্রটির প্রেরক যোগাযোগ মন্ত্রী বলেন, ‘এটি হয়তো আমাদের ভুল হয়েছে।’