পুরোনো গাড়ির প্রদর্শনী
ঢাকা ক্লাবের করিডরে অন্যদিনের মতো গতকালও ছিল গাড়ির সারি। তবে গতকাল সেখানে বিশেষভাবে সাজানো গাড়িগুলো ছিল বহু বছরের পুরোনো। বিচিত্র নকশার এই বাহনগুলো একেকটি যেন ইতিহাস। এসব গাড়ি নিয়ে ক্লাবের প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের পুরোনো গাড়ির প্রদর্শনী। সংগ্রাহকেরা হলেন: মাহমুদুল ফারুক, হাবিবুর রহমান, জন কপার, সালেহ হোসেন, রায়হান আহমেদ ও আতিকুর খান।ওল্ড ক্লাব অব বাংলাদেশ এবং ঢাকা ক্লাবের যৌথ আয়োজনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কোনো আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই শুরু হয়েছে প্রদর্শনীটি। যেসব গাড়ি প্রদর্শন করা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে: নাটোরের রানির ব্যবহূত ১৯২৩ সালে ইংল্যান্ডে নির্মিত অস্টিন সেভেন গাড়িসহ বিভিন্ন গাড়ি। এসব গাড়ির মধ্যে সবচেয়ে জৌলুশপূর্ণ ইতিহাসসংবলিত গাড়ি হচ্ছে ১৯৫৬ সালে নির্মিত শ্যাভ্রলে গাড়িটি। এটি ব্যবহার করেছেন তিন প্রেসিডেন্ট। প্রথমে ব্যবহার করেছেন আইয়ুব খান, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। মুক্তিবাহিনীরাও গাড়িটি অস্ত্রশস্ত্র বহন করার কাজে ব্যবহার করেছিলেন। পাকসেনাদের হামলার শিকারও হয়েছে এই গাড়ি। গাড়িটি বহন করছে সেই ক্ষত।প্রদর্শনী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।