পুরোনো গাড়ির বয়স চুরি ৫০ প্রতিষ্ঠানের প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানির সময় চেসিস (কাঠামো) ঘষামাজা করে পুরোনো গাড়ির (রিকন্ডিশনড) বয়স চুরি করছে ৫০টি প্রতিষ্ঠান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ— বিআরটিএ এসব প্রতিষ্ঠান ও শো-রুমের তালিকা করেছে। এরা দুই শতাধিক চেসিস ঘষামাজা করা গাড়ি আমদানি করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে। বিআরটিএ এসব গাড়ির ফিটনেস সনদ দেওয়া বন্ধ রেখেছে।আমদানি নীতি অনুযায়ী তৈরির সাল থেকে পাঁচ বছরের পুরোনো গাড়ি আমদানি করা যায়। প্রতিটি চেসিসে গাড়ি তৈরির সাল, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় বেশ কিছু তথ্য থাকে। ইংরেজি বর্ণমালা ও সংখ্যার মাধ্যমে এসব তথ্য বোঝানো হয়। সে ক্ষেত্রে মূল চেসিস থেকে এক বা একাধিক বর্ণ বা সংখ্যা মুছে দিলে গাড়ির বয়সসহ অন্য তথ্যে পরিবর্তন ঘটে। যোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিআরটিএ ও পুরোনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেল ইমপোর্টারস অ্যাসোসিয়েশন (বারভিডা) এ রকম প্রায় ২০০ গাড়ির তালিকা করেছে। তালিকাভুক্ত গাড়িগুলোর কোনোটির মূল চেসিস নম্বরের ওপর আলাদা একটি ধাতব প্লেট বসিয়ে তাতে নতুন করে নম্বর বসানো হয়েছে। কিছু গাড়ির চেসিস প্লেটে বসানো নম্বরগুলোর মধ্যে বেশ কয়েকটি নম্বর মুছে সেখানে নতুন করে নম্বর বসানো হয়েছে। কোনো গাড়ির চেসিস নম্বরগুলোই ভুল। আবার কিছু গাড়ি পাওয়া গেছে, যেগুলোর একই চেসিস নম্বর একাধিক গাড়িতে ব্যবহার করা হয়েছে। আমদানির ক্ষেত্রে সরকার পুরোনো গাড়ির বয়সসীমা বেঁধে দিয়েছে। অনেক পুরোনো গাড়ির বয়স কমিয়ে সরকার নির্ধারিত বয়সসীমার মধ্যে এনে আমদানির লক্ষ্যেই চেসিস ঘষামাজা করা হয়। এতে আমদানিকারকেরা স্বাভাবিকের চেয়ে অনেক কম দামে গাড়ি কিনতে পারে এবং দেশে এনে গ্রাহকদের কাছে বেশি দামে বিক্রি করে। এতে গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে, তেমনি নিবন্ধন ও ফিটনেস সনদ নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তির শিকার হচ্ছেন।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, পুরোনো সব গাড়িই তাঁরা সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে থাকেন। চেসিস ঘষামাজা গাড়ি আমদানি করলে তা ধরা পড়ার কথা। তাঁর দাবি, অনেক দিন আগে আমদানি করা বলে এই গাড়িগুলো কীভাবে খালাস হলো তিনি তা জানেন না।চেসিস ঘষামাজা করা গাড়ির আমদানিকারকদের যে তালিকা বিআরটিএ তৈরি করেছে, তা করা হয়েছে ঢাকা সার্কেল (উত্তর-দক্ষিণ) থেকে নিবন্ধন নেওয়া গাড়ির ভিত্তিতে। ঢাকার বাইরের বিভিন্ন সার্কেলেও এ ধরনের গাড়ি থাকতে পারে বলে বিআরটিএ সূত্র জানিয়েছে। ত্রুটিযুক্ত চেসিসের গাড়ি ও এর আমদানিকারকদের যাবতীয় তথ্যসংবলিত একটি তালিকা সম্প্রতি বিআরটিএ যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।সূত্র জানায়, ঢাকা সার্কেলেও এই তালিকার বাইরে অন্তত দেড় শ গাড়ির সন্ধান পাওয়া গেছে, যেগুলোর চেসিস জালিয়াতি করা। কিন্তু গ্রাহক হয়রানির কথা চিন্তা করে সেগুলোর ফিটনেস সনদ দেওয়া হয়েছে।জড়িত কারা: গাড়ির বয়স চুরি করে আমদানিতে জড়িত বেশ কিছু নামকরা আমদানিকারক। এসব বিক্রিও করা হয়েছে নামীদামি শো-রুম থেকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কার হাউস, রাফি ট্রেডার্স, কার চয়েস, অটো মিউজিয়াম, এইচএনএস অটোমোবাইলস, নওয়াদা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সালসাবিল, এম আর অটো কার, নিউ অটো গ্যালাক্সি, অটো বে, অটো ডিফাইন, এম এস ট্রেড ইন্টারন্যাশনাল, সুমাইয়া ট্রেড ইন্টারন্যাশনাল, তফুরা ট্রেডার্স, তোকাই ইন্টারন্যাশনাল, মাই কার, হকস বে ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগের অবস্থান কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, শাহজাহানপুর এলাকায়। আছে চট্টগ্রামেরও বেশ কিছু প্রতিষ্ঠান।বারভিডার সভাপতি ও তালিকাভুক্ত অটো মিউজিয়ামের স্বত্বাধিকারী মো. হাবিবুল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, এসব গাড়ি পাঁচ-ছয় বছর আগে আমদানি করা হয়েছিল। এখন আর হচ্ছে না। তাঁর দাবি, আমদানিকারকেরা না বুঝে এগুলো আমদানি করেছে। কাস্টমস কর্তৃপক্ষ ও বিআরটিএ তৎপর হলে এটা সম্ভব হতো না।কার হাউসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন দাবি করেন, চেসিস জালিয়াতি করা গাড়িগুলো তিনি নিজের অজান্তেই আমদানি করেছেন। এর জন্য তাঁদের ব্যবসায়িক সুনাম নষ্ট হয়েছে। জাপানের রপ্তানিকারকেরাও জালিয়াতি সম্পর্কে সদুত্তর দিতে পারেনি বলে দাবি তাঁর। হকস বের আবদুল হক বলেন, তিনি দেশীয় বাজার থেকে চেসিস ঘষামাজা একটি গাড়ি কিনেছিলেন। তিনি এসবের বিরোধী। এগুলো বন্ধ হওয়া উচিত।মোটরযান আইন-১৯৮৩ মোতাবেক মোটরযানের চেসিস শনাক্তকরণ নম্বর ব্যতীত নিবন্ধন নিষিদ্ধ। ওই আইনের ৪২ ধারায় বলা আছে, মোটরযানের চেসিস শনাক্তকরণ নম্বরের পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করা যাবে না। মোটরযান বিধি-১৯৮৪-এর ৫৭-এর উপবিধি (৫)(এ) নিবন্ধন, ফিটনেস ও মালিকানা বদলির জন্য মোটরযানের সঠিক চেসিস নম্বর থাকা বাধ্যতামূলক। সূত্র জানায়, অসাধু আমদানিকারকেরা বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে যাচাই-বাছাই না করেই চেসিস নম্বর ঘষামাজা করা গাড়ি নিবন্ধন দিয়ে দেয়। তবে বিআরটিএর এক কর্মকর্তা দাবি করেন, আমদানি ও কাস্টমস কর্তৃপক্ষের কাগজপত্র ঠিক দেখেই নিবন্ধন দিয়েছে বিআরটিএ। একটি সূত্র জানায়, বাংলাদেশের আমদানিকারকেরা জাপানের প্রতিনিধিদের কাছে দুর্ঘটনায় পড়া গাড়ি কেনার জন্য বেশি চাহিদা দেয়। কারণ ওসব গাড়ি সাধারণত অর্ধেকেরও কম দামে কেনা যায়। তথ্য গোপন করে এসব গাড়ি ঠিকঠাক করে স্বাভাবিক বাজারমূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। কয়েক দিন চালানোর পর এসব গাড়িতে নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়।