আবার বড় ধরনের দরপতন, সূচক কমেছে ৪০৬ পয়েন্ট। ভালো কোম্পানির শেয়ারেরও ক্রেতা নেই। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরাদেশের শেয়ারবাজারে আবারও সেই পুরোনো চেহারা। বড় ধরনের দরপতন, মূল্যসূচক দ্রুত কমে যাওয়া এবং বিনিয়োগকারীদের বিক্ষোভ। গতকাল রোববার সপ্তাহের প্রথম দিনেই বড় হোঁচট খেল বাজার।আগের দফায় দরপতন ঠেকাতে সরকার-ঘোষিত বিভিন্ন পদক্ষেপের ওপর আস্থা রেখে বিনিয়োগকারীরা রাজপথ ছেড়ে বিনিয়োগে সক্রিয় হতে শুরু করেছিলেন। এতে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু তদন্ত কমিটি গঠন ছাড়া আর কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় চার দিনের মাথায় নতুন করে দরপতন শুরু হয়। আর টানা দরপতনে পুঁজি হারিয়ে গতকাল রাজপথে নেমে আবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা বাজারপরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক ৪০৬ পয়েন্ট বা ৫ দশমিক ৭০ পয়েন্ট কমে ছয় হাজার ৭১৯ পয়েন্টে নেমে এসেছে। এ নিয়ে গত পাঁচ কর্মদিবসে স্টক এক্সচেঞ্জটির মূল্যসূচক কমেছে ৮৫০ পয়েন্টের বেশি। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমি বলেছিলাম, সরকারের নানা আশ্বাসে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেতে শুরু করায় বাজার বাড়ছে। একই সঙ্গে বলেছিলাম, তারল্যপ্রবাহ না বাড়াতে পারলে এ আস্থা ধরে রাখা যাবে না। শেষ পর্যন্ত সেটাই ঘটল। বাজারে তারল্যপ্রবাহ বাড়াতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিল না। ফলে সবার মধ্যে একটা ধারণা জন্মেছে যে বাজার আরও পড়বে। তাই নতুন করে কেউ আরও বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বাজার এক রকম ক্রেতাশূন্য হয়ে পড়েছে।’ ডিএসইর লেনদেনের তথ্য থেকে জানা গেছে, গতকাল ৫৭টি কোম্পানির শেয়ারের কোনো ক্রেতা ছিল না। এর মধ্যে বড় অংশই ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেখে-শুনে মনে হচ্ছে সরকারের নীতিনির্ধারকেরা শেয়ারবাজারকে কিছু লোকের জুয়া খেলার জায়গা হিসেবে মনে করছেন। এ কারণে তাঁদের খুব একটা চিন্তিত হতে দেখা যাচ্ছে না। নীতিনির্ধারকদের কেউ কেউ তো মনে করেন শেয়ারবাজারের সঙ্গে অর্থনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু দেশের অর্থনীতি যখন গতি ফিরে পেতে শুরু করবে, তখন প্রচুর বিনিয়োগের প্রয়োজন পড়বে। ব্যাংকনির্ভর অর্থায়ন দিয়ে বিনিয়োগের এ চাহিদা পূরণ করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। কিন্তু বাজারে এলেই যদি টাকা হারাতে হয়, তাহলে তো কেউ আর বিনিয়োগ করতে আসবে না।আস্থা ও তারল্যসংকটের পাশাপাশি সাম্প্রতিক দরপতনের পেছনে অন্যান্য কারণও যুক্ত হয়েছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা। তাঁরা বলেন, আগ্রাসীভাবে শেয়ার বিক্রির অভিযোগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ২০ জানুয়ারি যে ছয়টি ব্রোকারেজ হাউসের লেনদেন এক মাসের জন্য স্থগিত করেছে, সেগুলোর মাধ্যমে বাজারের মোট লেনদেনের ৩০ থেকে ৩৫ শতাংশ সংগঠিত হয়ে থাকে। এর মধ্যে একটির লেনদেন চালু করলেও বাকি পাঁচটি এখনো স্থগিত রয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীরা লেনদেনে অংশ নিতে পারছেন না। আবার এসব হাউসের কোনো ক্রেতা অন্য হাউসে সংযোগ হিসাবের (লিঙ্ক অ্যাকাউন্ট) মাধ্যমে পোর্টফোলিও স্থানান্তর করতে চাইলেও ঋণ সমন্বয়ের জন্য তাঁকে শেয়ার বিক্রি করতে হচ্ছে, যা প্রকারান্তরে শেয়ার বিক্রির চাপই বাড়িয়ে দিচ্ছে। বাজারে ক্রেতার প্রয়োজন থাকলেও বিনিয়োগকারীদের বাধ্য হয়েই বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে। লেনদেন স্থগিত হওয়া একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, এরই মধ্যে তাঁদের ১৫০ জনের মতো গ্রাহক অন্য হাউসে পোর্টফোলিও স্থানান্তর করে সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। এর কিছু অংশ দিয়ে ঋণ শোধ করেছেন। আর বাকিটা বাজার থেকে তুলে নিয়েছেন। এ ঘটনার পাশাপাশি ঋণ সমন্বয়ের জন্য ব্রোকারেজ হাউসগুলো বা মার্চেন্ট ব্যাংকের গ্রাহকের শেয়ার চাপ দিয়ে বিক্রি বা ট্রিগার সেল নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত দরপতনে অনেক গ্রাহকের পোর্টফোলিওতে থাকা শেয়ারের দাম কমে যাওয়ায় ঋণের অনুপাত বেড়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে গ্রাহকের নিজের টাকা শূন্য হয়ে গেছে, আছে শুধু ঋণ জোগানদাতা প্রতিষ্ঠানের টাকা। ফলে নিজস্ব তহবিলের ঝুঁকি এড়াতে অনেক প্রতিষ্ঠানই গ্রাহকের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। এভাবে ঋণ সমন্বয়ের প্রবণতা ব্যাপক হারে শুরু হলে বাজার আরও ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বিষয়টি এসইসিরও নজরে এসেছে। এ কারণে গতকাল মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়শনের সভাপতিকে ডেকে নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে আপাতত ট্রিগার সেলে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘ট্রিগার সেলের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। এটি কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা করে তা ঠিক করা হবে।’বাজার পরিস্থিতি ও বিক্ষোভ: আগের দিনগুলোর ধারাবাহিকতায় গতকালও দরপতনের মধ্য দিয়েই শুরু হয় দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন। দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৯৭ পয়েন্ট নেমে যায়। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিনিয়োগকারীদের কেউ কেউ ডিএসইর কার্যালয়ের আশপাশের উঁচু ভবনগুলো থেকে এলোপাতাড়ি রাস্তার ওপর ইট, কাঠ ও পানির বোতল ছোড়েন। এ সময় ডিএসইর মূল ভবনের সামনে বেশ কিছু পুলিশ থাকলেও তাঁদের নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। পরে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের রাস্তাটি অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় চার ঘণ্টা ডিএসইর সামনের সড়ক অবরোধ থাকার পর বিকেল পৌনে চারটার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ চলাকালে এক বিনিয়োগকারীকে পুঁজি হারিয়ে সড়কের মাঝখানে গলায় তার পেঁচিয়ে প্রতীকী ফাঁস নিতেও দেখা যায়।মিছিলে বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসইসির চেয়ারম্যানের পদত্যাগ চান। তাঁরা বলেন, সংবাদ সম্মেলন অর্থমন্ত্রী ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকগুলোর পুঁজিবাজার থেকে অর্জিত মুনাফা পুনরায় বিনিয়োগের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এসব প্রতিষ্ঠান বিনিয়োগে সক্রিয় হয়নি। উল্টো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকগুলো পুঁজিবাজারের অর্জিত মুনাফা লভ্যাংশ হিসেবে বিতরণ করতে পারবে না। ফলে ব্যাংকগুলোর শেয়ারের দাম কমতে শুরু করেছে। বাজারে ব্যাংকগুলোর বাজার মূলধন বেশি হওয়ায় সূচকের ওপর তা দারুণভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। হাবীবুর রহমান নামে একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘বেশি মুনাফা করায় ভালো লভ্যাংশ পাওয়া যাবে এ আশায় ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেছিলাম। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতার কারণে ব্যাংক খাতের দাম কমে যাওয়ায় এখন লোকসানের আতঙ্কে রয়েছি।’ গতকালের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির ডাকা হরতালের সপক্ষেও স্লোগান দেওয়া হয়। এ ব্যাপারে জানতে মিছিলে উপস্থিত রাশেদ নামে একজন বিনিয়োগকারী বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। কিন্তু বিএনপির হরতালের ইস্যু হিসেবে শেয়ারবাজারও রয়েছে। এ জন্যই আমরা হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছি।’ ডিএসইতে গতকাল লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়। এরপর সারা দিনই তা অব্যাহত থাকে। দিন শেষে সূচক ৪০০ পয়েন্টের বেশি কমে। কমেছে লেনদেনের পরিমাণও। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল লেনদেন হয়েছে মাত্র ৭০৬ কোটি টাকার শেয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১০৮০ দশমিক ১০ পয়েন্ট কমে ১৯ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকার শেয়ার।