পুরোনো জাহাজ আনতে সরকার আমদানিনীতি সংশোধন করছে
পুরোনো ও পরিত্যক্ত (স্ক্র্যাপ) জাহাজ আমদানির জন্য আমদানিনীতি (২০০৯-১২) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে গত বৃহস্পতিবার নেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি ভেটিংয়ের জন্য ওই দিনই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।সূত্র জানায়, সম্প্রতি পরিবেশ ও বন, নৌ-পরিবহন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে নীতি সংশোধনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি, পরিবেশ রক্ষা এবং আদালতের নির্দেশ মেনে বিষাক্ত জাহাজ আমদানি ঠেকাতে বিদ্যমান নীতি আদেশে কয়েকটি শর্ত আরোপ করা হয়। আমদানিনীতির ২৫ ধারার ৪০ উপধারায় বলা হয়েছে, পরিত্যক্ত জাহাজ (স্ক্র্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে তা বিষাক্ত বর্জ্যমুক্ত—এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।সরকার এখন বলছে, রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থা থেকে জাহাজের বর্জ্যমুক্ত সনদ নেওয়ার দরকার নেই। জাহাজে কোনো বিষাক্ত বর্জ্য আছে কি নেই, বরং রপ্তানিকারকই তা বলবে। পরে তা যাচাই করে দেখবে পরিবেশ ও বন মন্ত্রণালয়।যোগাযোগ করলে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে জানান, সরকারের এ সিদ্ধান্ত ভ্যাসেল কনভেনশনের পরিপন্থী এবং এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকারের হাতে কোনো রক্ষাকবচই থাকবে না। এই ফাঁকে বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজে ভরে যাবে দেশ। তিনি বলেন, বিষাক্ত বর্জ্যের বিষয়টি যে এখন পরিবেশ মন্ত্রণালয় যাচাই করে দেখবে, আগে এ কাজ করত নৌ-পরিবহন মন্ত্রণালয়। তবে ব্যবসায়ীরা সব সময়ই তা নিজের মতো করে ব্যবহার করেছেন।উল্লেখ্য, এর আগে আমদানীনীতি আদেশ পালনে ব্যর্থ হওয়ায় ১০টি পুরোনো জাহাজ আটকে দিয়েছিল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কারণ জাহাজগুলোর একটিতেও রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র নেই।এর পরই গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার বিদ্যমান আমদানিনীতির শর্ত শিথিল করতে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে একটি আধাসরকারি চিঠি (ডিও) পাঠান। চিঠিতে চট্টগ্রামের জাহাজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলা হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়কে একই সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর)।গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্যসচিব বরাবর শর্ত শিথিলের আবেদন জানায় বাংলাদেশ জাহাজ ভাঙা সমিতি। সমিতির সভাপতি জাফর আলম প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, বাংলাদেশে যেসব জাহাজ আসে, সেগুলোতে বিষাক্ত বর্জ্য থাকে না।বর্জ্য না থাকলে রপ্তানিকারক দেশের সরকার থেকে প্রত্যয়নপত্র নিতে অসুবিধা কোথায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যয়নপত্রের জন্য রপ্তানিকারক কোম্পানিগুলো অতিরিক্ত ডলার চায়, তাতে আমদানি খরচ বেড়ে যায়।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালত পরিত্যক্ত জাহাজের তালিকা চাওয়ার পর থেকেই আমদানির শর্ত শিথিলের জন্য উঠেপড়ে লেগেছেন ব্যবসায়ীরা। বিস্ময়কর যে জনস্বার্থ ও পরিবেশবান্ধব ধারাটি শিথিলের জন্য ব্যবসায়ীদের হয়ে কাজ করছে খোদ পরিবেশ ও বন মন্ত্রণালয়।বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেনের বক্তব্য জানতে বহুবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।তবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘সব দেশেই পুরোনো জাহাজ ভাঙা হয়। তবে আমাদের দেশে একটু বেশি। শিল্পের কথা চিন্তা করেই বর্তমান নীতি শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খারাপ কিছু দেখছি না।’