পুরোনো জাহাজ আমদানিতে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো জাহাজ (স্ক্র্যাপ) আমদানির ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সমুদ্র পরিবহন অধিদপ্তর যে ২৪টি জাহাজ আমদানির অনুমোদন দিয়েছে, সেগুলোর আমদানিকারকের কাছ থেকে এক লাখ টাকা হারে মোট ২৪ লাখ টাকা চাঁদা নিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)। এখন থেকে জাহাজ আমদানির অনুমোদন পেলেই এই হারে চাঁদা দিতে হবে বলে বিএসবিএ জানিয়েছে।জানা যায়, সমুদ্র পরিবহন অধিদপ্তরের সদ্যনিযুক্ত মহাপরিচালক (ডিজি-শিপিং) কমোডর জোবায়ের আহমদকে একটি বড় অঙ্কের টাকা দেওয়ার কথা বলে বিএসবিএ এই চাঁদা নেয়। বিএসবির সাবেক সভাপতি জাফর আলম ও সাবেক সহসভাপতি শওকত আলী চৌধুরী সম্প্রতি ডিজি-শিপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে সব স্ক্র্যাপ জাহাজ আমদানির অনাপত্তিপত্রের আবেদন বিএসবিএর মাধ্যমে ব্যবস্থা করার অনুরোধ জানান। এতে জাহাজ আমদানিতে কোনো অনিয়ম হলে তা শনাক্ত করা সহজ হবে বলে তাঁরা যুক্তি দেখান। এরপর ডিজি-শিপিং থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তির সূত্র ধরে বিএসবিএ জাহাজ আমদানিকারকদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। এতে সংশ্লিষ্ট আমদানিকারকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ডিজি-শিপিংয়ের কাছেও এ ব্যাপারে অভিযোগ যায়।যোগাযোগ করা হলে জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ‘অ্যাসোসিয়েশনের হাতে একক ক্ষমতা যাওয়ার পর তারা আমার নামে জাহাজপ্রতি এক লাখ টাকা করে চাঁদা নিচ্ছে বলে অনেক আমদানিকারক অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা এখন নতুন বিজ্ঞপ্তি দিয়ে বলেছি, অ্যাসোসিয়েশনের বাইরে কেউ চাইলে অনাপত্তিপত্রের জন্য আবেদন করতে পারবে। যাচাই-বাছাই শেষে তাকেও আমরা আমদানির অনাপত্তিপত্র দেব।’বিএসবিএর সভাপতি হেফাজতুর রহমান চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিএসবিএ ছাড়াও যেকোনো ব্যক্তি আবেদন করলে এখন জাহাজ আমদানি করার সুযোগ পাবেন, চাঁদাবাজি কেন হবে।