পুরোনো ঢাকায় ছিনতাইকারীর গুলিতে চাল ব্যবসায়ী নিহত, বিক্ষোভ, কাল ধর্মঘট
পুরোনো ঢাকার বাবুবাজার এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ছিনতাইকারীদের গুলিতে আফিল উদ্দিন বিশ্বাস (৩৫) নামের কুষ্টিয়ার একজন চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ রেখে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।আফিল উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার বাবুবাজার ও বাদামতলী এলাকার চাল, মিটফোর্ড এলাকার ওষুধ, কেমিকেল, বাবুবাজারের কাচ ও আয়না এবং নয়াবাজারের কাগজ ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করবেন বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটার দিকে আফিল উদ্দিন তাগাদা শেষে একটি রিকশায় করে তাঁর বাবুবাজারের বাসায় ফিরছিলেন। তিনি বাসার সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে আগত সাতজন ছিনতাইকারী তাঁর রিকশাটি টেনে কিছু দূর নিয়ে যান। এ সময় ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি সেটি দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে আফিল উদ্দিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আফিলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুলি তাঁর পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকেরা সাহায্য করতে এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়েন। এ সময় তাঁরা প্রাণভয়ে দোকানে ও গুদামে লুকিয়ে থাকেন।একজন প্রত্যক্ষদর্শী জানান, ছিনতাইকারীরা ব্যবসায়ী আফিল উদ্দিনকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার পর প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়েন। ঘটনার পর ছিনতাইকারীরা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন। ভয়ে সেখানে কেউ যেতে সাহস করেনি। পরে তাঁরা নির্বিঘ্নে এলাকা ছেড়ে চলে যান। ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে অফিলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।আফিলের মৃত্যুর সংবাদ আশপাশে ছড়িয়ে পড়লে বাবুবাজার ও বাদামতলী এলাকার ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে হাসপাতালে ছুটে যান। অনেকে ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাশটি একটি ভ্যানে তুলে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যান। পরে তাঁরা আবার বাবুবাজারে ফিরে আসেন।নিহত কফিলের চাচাত ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, আফিলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাঁকে গুলি করা হয়েছে। তাঁর ব্যাগে কত টাকা ছিল সে ব্যাপারে সুনির্দিষ্ট তিনি কিছু জানাতে পারেননি। নিহত আফিলের বাবার নাম মোজাম্মেল বিশ্বাস। তাঁর স্ত্রীর নাম রুমা বেগম। রাইস নামে তাঁর চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পোড়াদহ থানার আইলাচারা গ্রামে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবুবাজারের ৭ নম্বর গোপীনাথ দত্ত কবিরাজ স্ট্রিটের বাসায় ভাড়া থাকতেন। আজ রাতেই লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানা গেছে।বাবুবাজার-বাদামতলী চাল আড়তদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন সরদার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, চাল ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আগামীকাল বুধবার এলাকার সব চালের দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিটফোর্ড এলাকার ওষুধ, কেমিকেল মার্কেট, কাচ ও আয়না এবং নয়াবাজারের কাগজ ব্যবসায়ীরাও ধর্মঘট পালন করবেন।ওষুধ ব্যবসায়ী সমিতির ঢাকা শাখার সভাপতি আবু বক্কর মিলন প্রথম আলোকে জানান, চাল ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তাঁরাও উদ্বিগ্ন। তাঁদের ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুধবার আধাবেলা পর্যন্ত তাঁরাও দোকানপাট বন্ধ রাখবেন বলে জানান।কুষ্টিয়া চাল কল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে জানান, মিল মালিক আফিল উদ্দিন খুনের ঘটনায় আগামীকাল বুধবার কুষ্টিয়ায় সকাল থেকে সব মিল বন্ধ রেখে শোক পালন করা হবে। এ ছাড়া বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।লালবাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার পরে ফুলার রোডের চেকপোস্ট থেকে একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী আবদুল খালেককে শাহবাগ থানা পুলিশ আটক করেছে। খালেককে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।