পুরোনো পথেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই গঠনতন্ত্র অনুযায়ী চলে না, চলে নেতানেত্রীদের নির্দেশে। সে ক্ষেত্রে দলের কাউন্সিল অনুষ্ঠানও তেমন গুরুত্ব বহন করে না। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশন ১৯৭২ সালের গণপ্রতিনিধি অধ্যাদেশে বেশ কিছু সংশোধনী আনে, যাতে দলে গণতন্ত্রায়ণের কথা বলা হয়েছে, নির্বাচনী বিধিতেও আনা হয়েছে পরিবর্তন। সংশোধনী অনুযায়ী, রাজনৈতিক দলের সব পর্যায়ে কমিটি নির্বাচিত হতে হবে। দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে খুব কম দলই আছে, যারা কাউন্সিলের মাধ্যমে কোন কমিটি নির্বাচন করেছে। বড় দলগুলোতেও এসবের বালাই নেই। সে কারণে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ দলের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হয়েছে, কাউন্সিল করে নতুন কমিটি করতে হয়েছে।এ প্রেক্ষাপটে দেখলে আওয়ামী লীগের মতো বিএনপির কাউন্সিলও ছিল বাধ্যতামূলক। তবে কাউন্সিল ঘিরে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার বিষয়টিও অগ্রাহ্য করার নয়। বিভিন্ন জেলা সম্মেলনে যে হট্টগোল ও সংঘাত-সংঘর্ষ হয়েছে, তার প্রভাব ছিল না কেন্দ্রীর কাউন্সিলে। এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক।প্রশ্ন হলো, এই কাউন্সিলের মাধ্যমে বিএনপি কী অর্জন করেছে? যদি সাংগঠনিক দিক বিবেচনা করি, তাদের অর্জন একেবারে কম নয়। এ কাউন্সিলের মাধ্যমে এক-এগারোর পর প্রায় বিশৃঙ্খল হয়ে পড়া দলটি ঘুরে দাঁড়িয়েছে। যেসব নেতা-কর্মী এত দিন নিষ্ক্রিয় ছিলেন তাঁরাও চাঙা হয়েছেন।কাউন্সিলের অন্যতম তাত্পর্যপূর্ণ দিক হলো তারেক রহমানের অভিষেক। তিনি শুধু সিনিয়র ভাইস চেয়ারপারসনই নির্বাচিত হননি, দলের বিকল্প নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে তিনি দলকে পরিচালনা করবেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি এবং যুগ্ম সচিব পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের অধিকাংশ কট্টরপন্থী ও তারেক অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে কোণঠাসা হয়ে পড়েছেন কথিত সংস্কারপন্থীরা। কমিটিতে একাধিক নেতা আছেন যাঁদের নামে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা হয়েছে, কেউ বা উচ্চ আদালতের জামিনে বাইরে আছেন নিম্ন আদালতে দণ্ডিত হয়ে।বিএনপির কাউন্সিলে নেতাদের বক্তব্য-বিবৃতি এবং কমিটির সদস্যদের নাম দেখে এটি স্পষ্ট যে তারা পুরোনো ধারার রাজনীতিকেই ফিরিয়ে আনতে তত্পর। এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে বিএনপি নেতৃত্ব যত হুংকারই ছাড়ুক না কেন, জোট আমলের দুর্নীতি ও সন্ত্রাসের দায় তারা এড়াতে পারবেন না; বিশেষ করে, যে হাওয়া ভবনের জন্য বিএনপি তথা চারদলীয় জোট সরকারের এত বদনাম হলো, সেই হাওয়া ভবনের হোতারাই চালকের আসনে ফিরে এসেছেন।দেশবাসী বিএনপিকে একটি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবেই দেখতে চায়। দলটির প্রতি সিভিল সোসাইটি, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের বড় অংশের সমর্থন ছিল। এমনকি বিএনপি ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ হওয়া সত্ত্বেও এর প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের একাংশ সমর্থন দিয়ে আসছিল। কিন্তু ২০০১ সালের নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার-নির্যাতন হয়েছে তা অস্বীকার করা এবং মৌলবাদী জামায়াতে ইসলামীর সঙ্গে গাঁটছড়া বাঁধায় তারাও মুখ ফিরিয়ে নিয়েছে।স্বভাবতই দেশবাসীর সঙ্গে বিএনপির উদারপন্থী অংশও আশা করেছিল দলের নীতি-কৌশলে পরিবর্তন আসবে। বাস্তবে দেখা গেল, তারা বিতর্কিতদেরই সামনে নিয়ে এসেছে এবং এক-এগারোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিএনপির নেতারা যতই ষড়যন্ত্রতত্ত্ব আওড়ান না কেন, এটি দিবালোকের মতো স্পষ্ট যে দুর্নীতি, বিকল্প শাসনকেন্দ্র এবং জঙ্গিবাদের সঙ্গে হাত মেলানোর কারণেই নির্বাচনে দলটির বিপর্যয় ঘটেছে। কাউন্সিলে এর কোনো স্বীকৃতি বা সংশোধনের উদ্যোগ ছিল না। সামরিক ও সিভিল আমলাতন্ত্রের সঙ্গে বিএনপির স্বভাবজাত যে সখ্য ছিল, এক-এগারোয় তাতে কিছুটা হলেও বিচ্ছেদ ঘটেছে, যা বাংলাদেশের রাজনীতির এত দিনকার হিসেব-নিকেষ পাল্টে দিতে পারে। বিএনপির এবারের কাউন্সিলের প্রধান লক্ষ্য ছিল তারেক রহমানের রাজনৈতিক পুনর্বাসন। জোট সরকারের দুর্নীতি অপশাসনের জন্য যেখানে তাকেই দায়ী করা হয়, সেখানে সেই সব প্রশ্নের মীমাংসা না করেই এই পুনর্বাসন দলের জন্য আর্শীবাদ না বোঝা হবে—সে প্রশ্নের উত্তর কেবল ভবিষ্যত্ই দিতে পারে।