পুরোনো পানির পাইপ রেখে নতুনগুলো বদলের ধুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলে বসানো পানির পাইপলাইন সংস্কার করা হচ্ছে না, অথচ পাঁচ থেকে ১০ বছরের পুরোনো পাইপলাইনগুলো আগে পাল্টানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা পানি সরবরাহ উন্নয়ন (ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় ‘রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক’-এর প্রথম পর্ব হিসেবে জুন থেকে ৭৬ কোটি টাকার প্রাথমিক বাজেটে ১৫২ কিলোমিটার নতুন পাইপলাইন বসানোর কাজটি করবে ঢাকা ওয়াসা। এগুলোর জন্য বেছে নেওয়া হচ্ছে প্রধানত অভিজাত এলাকাকে। তবে পরে পর্যায়ক্রমে মোট আড়াই হাজার কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হবে বলে ওয়াসা আশ্বাস দিচ্ছে।বিশাল রাস্তা না খুঁড়ে ছোট গর্ত করে ‘ট্রেঞ্চলেস বা নো ডিগ (খনন নয়) পদ্ধতিতে’ এ ধরনের সাতটি পর্বে কাজের জন্য মোট খরচ করা হবে প্রায় ৬৯৭ কোটি ৪৮ লাখ টাকা, যা সরকারি অর্থায়নে অনুমোদনের ব্যবস্থা হয়েছে।ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, পুরোনো পাইপলাইনগুলোয় মরচে ধরেছে বা এমনিতেই ফুটো হয়ে গেছে। কোথাও কোথাও পয়োলাইনের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। ওই সব পাইপে সরবরাহ করা ময়লা দুর্গন্ধময় পানি ব্যবহার করতে হয় অনেক গ্রাহককে। এই পাইপলাইন পাল্টানোর জন্য অনেক দিন থেকেই সরকার ও কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে বিভিন্ন এলাকার ভুক্তভোগী বাসিন্দা ও গণমাধ্যম। কিন্তু এসব আবেদনে কোনো সাড়া নেই।ওয়াসার বোর্ড সভায় আপত্তি: সম্প্রতি ঢাকা ওয়াসার ১৭৩তম বোর্ড সভায় অতি পুরোনো ও প্রয়োজনীয় পাইপলাইন পরিবর্তন না করে কয়েক বছর আগের লাইন পরিবর্তনের বিষয়ে আপত্তি জানান কয়েকজন সদস্য। বোর্ড সদস্য লিয়াকত আলী পুরান ঢাকায় ব্রিটিশ আমলে স্থাপিত অতি পুরোনো পানির লাইনগুলো দ্রুত ‘ট্রেঞ্চলেস’ পদ্ধতিতে পরিবর্তনের অনুরোধ জানান। বোর্ডের আরেক সদস্য ব্যবসায়ী প্রতিনিধি এস এম আজহারুল ইসলাম অপেক্ষাকৃত নতুন লাইনের পুনর্বাসন করা ঠিক হবে না বলে মন্তব্য করেন। অতীতে যেসব স্থানে পানি নিয়ে আন্দোলন হয়েছে, সেসব স্থানে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ করার আহ্বান জানান। একাধিক সদস্য বলেন, যেসব স্থানের পাইপ বদলানো হচ্ছে, সেসব স্থানে আগে থেকেই তুলনামূলক চওড়া পাইপ রয়েছে, যার জন্য সরবরাহের সময় পানিপ্রবাহও তুলনামূলক ভালো থাকে।লিয়াকত আলী ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে এই বোর্ডের সদস্য। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় এলাকায় পাইপ পরিবর্তনের জন্য সভায় অনেক ফাইট করেছি। আমি বলেছি, শুধু পানির বিল নেবেন, সেবা দেবেন না, এটা তো হওয়া উচিত নয়।’ তাঁর এলাকায় নিজের টাকায় কয়েকটি পাইপ পরিবর্তন করেছেন বলে জানান তিনি।আপত্তিকারী অপর বোর্ড সদস্য এস এম আজহারুল ইসলাম বলেন, ‘বোর্ড সভায় আমি এ বিষয়টি বোঝাতে চেষ্টা করেছিলাম যে যেসব স্থানে পানির লাইন ড্যামেজ এবং দুর্গন্ধময় পানি আসে, সেখানেই আগে নতুন লাইন দরকার।’ তিনি জানান, কাজ চলছে ঢিমেতেতালায়। নইলে শুকনো মৌসুমেই পুরান ঢাকায় কাজ করা যেত।পুরান ঢাকার ৮০ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আবদুস সাহেদ ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে জানান, তাঁর এলাকায় চার বছর আগে অনেক চেষ্টায় একটি গভীর নলকূপ স্থাপন করিয়েছিলেন। কিন্তু অনেক পুরোনো পাইপলাইনগুলো নষ্ট থাকায় সব সময়ই ময়লা পানি সরবরাহ হয়। তিনি আরও বলেন, ‘নতুন পাইপের জন্য ওয়াসার পেছনে কুকুরের মতো ঘুরে বেড়িয়েছি। কোনো লাভ হয়নি। কমিশনার হওয়ার পর আট বছরে আমার এলাকায় একবারও ওয়াসার পাইপ সংস্কার করা হয়নি।’যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে জানান, ট্রেঞ্চলেস পদ্ধতি নতুন ঢাকায় সফল হলে পুরান ঢাকায়ও প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে পুরোনো সব পাইপ পরিবর্তন করা হবে।যেসব এলাকায় বেশি জরুরি, সেসব এলাকায় নতুন পাইপ বসানোর দরপত্র আহ্বান করা হলো না কেন? জবাবে তাকসিম এ খান জানান, সরু রাস্তার জন্য অনেক এলাকায় পরে করতে হচ্ছে। তবে পর্যায়ক্রমে সব এলাকায়ই নতুন লাইন বসবে। তিনি আরও জানান, নতুন পদ্ধতির লাইনে এক ‘বার’ (ইউনিট) মাত্রার পানির প্রবাহ বজায় রাখা হবে।কোন কোন এলাকাকে অগ্রাধিকার: প্রথম ধাপে ওয়াসা অঞ্চল ৫, ৮ ও ৯ নম্বর এলাকায় ১৫২ কিলোমিটার পাইপলাইন পুনর্বাসন করে সাতটি ‘ডিস্ট্রিক্ট মিটারেড এলাকা’ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে এসব এলাকার ধনী গ্রাহকেরা ২৪ ঘণ্টা উন্নত প্রবাহে পানি পাবেন। এলাকাগুলো হলো: বনানী, বারিধারা, শাহজাদপুর, ডিওএইচএস, কুড়িল, নিকুঞ্জ ইত্যাদি। এসব এলাকায় ১০ বছর আগে বসানো পাইপলাইন কমই আছে। কোনো কোনো এলাকায় মাত্র তিন-চার বছর আগে পাইপ বসানো হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব স্থানে নতুন পাইপলাইন বসবে, তার থেকে খুব দূরে নয় বাড্ডা এলাকা। বাড্ডায় পানির দাবিতে প্রতিবছরই আন্দোলন হয়। কিন্তু বাড্ডা ও আশপাশের এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়নি।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান বলেন, ‘আমার মনে হয়, যেসব এলাকায় সহজে পাইপলাইন বসানো যায়, সেসব জায়গাকেই আগে খুঁজে নেওয়া হয়েছে। এটা করে ওয়াসা হয়তো দেখাতে চাইছে, ওরা কাজ করছে। তবে আমি মনে করি, যেসব এলাকায় পানির লাইন বেশি পুরোনো, বিশুদ্ধ পানির জন্য হইচই হয় এবং অনেক বেশি অবৈধ সংযোগ রয়েছে, সেসব এলাকাতেই আগে পাইপলাইন পুনর্বাসন দরকার।’কোন এলাকায় কত পুরোনো পাইপ: ঢাকা ওয়াসার নথি থেকে জানা গেছে, পুরান ঢাকার হাজারীবাগ থেকে মিটফোর্ড, আরমানিটোলা, ইসলামপুর, শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, টিপু সুলতান রোড, ভিক্টোরিয়া পার্ক ইত্যাদি এলাকা হয়ে গেন্ডারিয়া পর্যন্ত ব্রিটিশ আমলে প্রথম পানির পাইপ বসে। পাকিস্তান আমলে লাইন বসে খিলক্ষেত-বাসাবো-মালিবাগ-মগবাজার ও আশপাশের এলাকা এবং ধানমন্ডির কিছু অংশে। তেজতুরি বাজার এলাকায়ও ব্রিটিশ আমলে পানির পাইপ বসানো হয়। স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ সাল নাগাদ তেজতুরি বাজার ভেঙে কারওরান বাজার সৃষ্টি হয়, সে সময় ওই এলাকায়ও পানির লাইন বসে। গুলশান-বনানী এলাকায় স্বাধীনতার আগেই পানির লাইন বসানো হয়। তবে এলাকা বাড়ার পর এ পর্যন্ত কয়েক দফায় লাইন পুনর্বাসন করা হয়। বারিধারা-ডিওএইচএস, শাহজাদপুর-কুড়িলে নব্বইয়ের দশকে প্রথম পানির লাইন হয়। পরে কয়েক দফায় নতুন লাইন বসানো হয়।প্রকল্পে কী আছে: রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রথম প্যাকেজের কাজটি দেওয়া হয়েছে মেসার্স ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানিকে। প্রায় ৬৬ কোটি ৪৭ লাখ টাকার প্রাক্কলিত মূল্যের সঙ্গে আরও নয় কোটির বেশি টাকা যোগ করে প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বর্তমানে প্রকল্প এলাকার জরিপের অংশ হিসেবে মডেলিং ও নকশার কাজ চলছে। আশা করা যায়, ১৫ দিনের মধ্যেই কাজ শুরু করা যাবে।ট্রেঞ্চলেস বা খনন নয় পদ্ধতি কী: একটি রাস্তার ১০০ মিটার দৈর্ঘ্যের মধ্যে মাত্র আট মিটার অংশ গর্ত করা হবে। বাকি ৯২ মিটার রাস্তা থাকবে অক্ষত। বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে বাকি রাস্তার নিচে সুড়ঙ্গ করা হবে। সুড়ঙ্গ করার সময় খুঁড়ে নেওয়া মাটি মেশিনের মধ্যেই রাখার ব্যবস্থা থাকবে। পরে সেই সুড়ঙ্গপথে চলে যাবে ১৮ থেকে ৭২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ। যন্ত্রটির নাম ‘ট্রেঞ্চলেস মেশিন’।