পুরোনো মামলা নিষ্পত্তিতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোকদ্দমা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিরসন করে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জ জজশিপ আবারও উদ্যোগ নিলেন পুরোনো মোকদ্দমা নিষ্পত্তির। এ লক্ষ্যে ১১ জানুয়ারি অপরাহ্নে জেলা জজশিপের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জজ মুহাম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়ের করা বিচারাধীন ৭৬টি মোকদ্দমা চিহ্নিত করা হয় এবং এগুলো নিষ্পত্তিতে বিদ্যমান বাধাগুলো দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিচারক ও আইনজীবীদের মধ্যে সরাসরি মতবিনিময়ের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, মানিকগঞ্জের বর্তমান জেলা জজ সর্বপ্রথম গত ৭ অক্টোবর ২০০৯ ‘দেওয়ানি মোকদ্দমা দ্রুত নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা ও উহার সম্ভাব্য প্রতিকারসমূহ মানিকগঞ্জ জেলা প্রেক্ষিত’ শীর্ষক এক সভার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দ্রুত নিষ্পত্তির এক ধারাবাহিক কার্যক্রম চালু করেন। এ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে ১৯৬৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত করা সব মোকদ্দমা যথাযথ মামলা ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। গত ১১ জানুয়ারির সভাটি ছিল এ ধারাবাহিক উদ্যোগেরই চতুর্থ ধাপ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাবুল্লাহ, অতিরিক্ত জেলা জজ কিরণ শংকর হালদার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, যুগ্ম জেলা জজ শেখ গোলাম মাহবুব, এস এম জিয়াউর রহমানসহ অন্য বিচারকেরা। এ ছাড়া মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হেজাজুর রহমান খান (বাকু), সাধারণ সম্পাদক জামিলুর রশিদ, জিপি মেহের উদ্দিন, পিপি আবদুস সালাম, গোলাম মহিউদ্দিনসহ সমিতির সিনিয়র সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী তিন মাসের মধ্য চিহ্নিত মোকদ্দমাগুলো সুষ্ঠুভাবে নিষ্পত্তির প্রত্যয় ব্যক্ত করা হয়।