পুরোনো সবজি বেশি দাম, দুর্ভোগে সাধারণ মানুষ
তিন দিনের হরতালের রেশ পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। সবজির সরবরাহ কমে গেছে। একদিকে যেমন সবজির দাম বেড়েছে, অন্যদিকে টাটকা সবজিও পাচ্ছেন না ক্রেতারা। দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ। রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল সড়কের পানির পাম্প এলাকায় গৃহিণী মোহসেনা আক্তার এসেছিলেন বাড্ডা কাঁচাবাজারে। তিনি প্রথম আলোকে বললেন, ‘এমনিতেই দু-তিন দিন ধরে বেশি দাম দিয়ে সবজি কিনছি। তার ওপর সেটা যদি হয় দু-তিন দিনের পুরোনো, তাহলে তো আরও মুশকিল। নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রেখেও লাভ হচ্ছে না।’রাজধানীর কাঁচাবাজারগুলোতে অন্য সময় বিক্রেতারা ঝুড়িভর্তি সবজি সাজিয়ে রাখেন। গতকাল মঙ্গলবার পুরোনো সবজি পানি দিয়ে সতেজ রাখার চেষ্টা করতে দেখা গেছে। কারওয়ান বাজারের আড়তের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাতে সারা দেশ থেকে সবজিবাহী ট্রাক এসেছে। রোববার থেকেই ট্রাকের সংখ্যা কমে গেছে। সোমবার এসেছে আরও কম। গাড়ি পোড়ানোর আতঙ্কে অনেক ট্রাক ঢাকামুখী না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই বাজারে সরবরাহ কমে গেছে।কারওয়ান বাজারে বাজার করতে আসা গৃহিণী আয়েশা আক্তার বলেন, ‘আগে যদি জানতাম, এমন হরতাল হবে, তাহলে আগেই বেশি করে বাজার করে রাখতাম।’সবজির দাম বাড়াতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। এই মানুষগুলোর দৈনন্দিন খাবারের তালিকায় মাছ-মাংস তেমন থাকে না। তরিতরকারিই তাঁদের সম্বল।হরতালের কারণে এরই মধ্যে সব ধরনের সবজির দাম বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত। গত ১৫ দিনে প্রতি কেজি করলা ৩৫ টাকা থেকে বেড়ে ৪০, ২০ টাকার বেগুন ২৫ থেকে ৩০ টাকা, ২৫ টাকার চিচিঙ্গা ৪৫, ২৫ টাকার শিম ৫০ এবং ঝিঙে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম প্রতি কেজি ২৫ থেকে ২৮ আর শসা ২০ টাকা। তবে বাড্ডা বাজারে তরিতরকারির দাম এর চেয়েও পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি। সেখানে টমেটো ৪৫, বেগুন ৩৫ থেকে ৪০, চিচিঙ্গা ৫০, শসা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু কিনতে এখন খরচ করতে হচ্ছে ১৮ টাকা। ঠিক এক মাস আগে আলুর দাম ছিল ১২ থেকে ১৩ টাকা কেজি। অবশ্য পেঁয়াজ-রসুনের দামে তেমন পরিবর্তন আসেনি। বাড্ডা বাজারের বিক্রেতা আমিনুল ইসলামও স্বীকার করলেন, তাঁর বেশির ভাগ সবজিই দুই দিন আগের। জানালেন, হরতালের কারণে সবজি ঠিকমতো আনতে পারছেন না। তাই বেশি দামে বিক্রি করছেন।গতকাল মঙ্গলবার সকালে কারওয়ানবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, বাজারে তেমন ক্রেতা নেই। তবে বাড্ডা বাজারের চিত্র কিছুটা ভিন্ন। দাম বেশি হলেও ওই বাজারে সবজি কিনতে আসা লোকজনের আনাগোনা ভালো। হরতালে দূরের বাজারে বাজার করার চেয়ে স্থানীয় বাজার থেকেই তরিতরকারি কেনার কাজ সারছেন তাঁরা।বাড্ডায় বাজার করতে আসা কারওয়ানবাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাহাদাৎ হোসেন বলেন, ‘এমনিতে অফিস শেষ করে কারওয়ানবাজার থেকে বাজার করি। কিন্তু হরতালের জন্য দেখা গেল, কারওয়ানবাজার থেকে বাজার করে গাড়ি পাচ্ছি না। বাসায় আসতে ঝামেলা হচ্ছে। সে কারণে আজ এখান থেকে বাজার করছি।’কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, শীতকালীন সবজির মৌসুম প্রায় শেষ। সে কারণে সরবরাহে সংকট চলছে। এক-দেড় মাস পর বর্ষাকালীন সবজি এলে সংকট কেটে যাবে।