পুরোনো সীমানাতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো সীমানাতেই আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য কোন ওয়ার্ড আর ভাঙা হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সংক্রান্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন ২০১০ বিলটি চূড়ান্ত করেছে। আজ মঙ্গলবার সকালে কমিটির এক জরুরি সভায় বিলটি চূড়ান্ত করা হয়। বিকেলে বিলটি সম্পর্কে কমিটির প্রতিবেদন দেওয়ার পর আগামীকাল বুধবার আইনটি পাস হবে। আজ সংসদ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন রহমত আলী।বৈঠকে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০১০’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, পুনরায় ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দেশের বহুসংখ্যক গ্রাম, মৌজা ভাঙা-গড়ার প্রয়োজন হবে যা এলাকাবাসীর নিকট গ্রহণযোগ্য নাও হতে পারে। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্যই আইনটি সংশোধন করা প্রয়োজন।প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে দেশে মেয়াদোত্তীর্ণ প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে বলে সরকার নির্বাচন কমিশনকে জানিয়েছে।আজকের ওই বৈঠকে আরও অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী এবং মোস্তফা জালাল মহিউদ্দিন।