পৌরসভার পর এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সীমানাসংক্রান্ত আইনি জটিলতা দূর করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০১০ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে আগামী ইউপি নির্বাচন পুরোনো ওয়ার্ডের সীমানা ধরেই হবে।সংসদে গতকাল স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশোধিত ইউনিয়ন পরিষদ বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধান বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত ছিল।বিলটি পাস হওয়ায় আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১০ পাস হয়।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গত মঙ্গলবার বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করে। পাস হওয়া বিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত জটিলতা এড়াতে আইনটি করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান আইনের ১৩(১) উপধারাটি বিদ্যমান থাকলে আইনি জটিলতার সৃষ্টি হয়ে নির্বাচন বিলম্বিত হতে পারে—এমন আশঙ্কা থেকে এই সংশোধনী আনা হয়েছে।বিলটির ৫ ধারায় সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়, সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে ওয়ার্ডের লোকসংখ্যা ১০ শতাংশের কম বা বেশি হলে অগণিত গ্রাম, মৌজা ভাঙা-গড়ার প্রয়োজন হবে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। বিলটিতে সংশোধনী আনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের জনসংখ্যার পার্থক্য ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। সংশোধনীতে সৃষ্ট সমস্যা সম্পর্কে বলা হয়, ‘নির্বাচন উপযোগী সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ড নতুন করে বিভক্তির প্রয়োজন পড়বে। এর জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হবে এবং এ কারণে নির্বাচন অনুষ্ঠান আরও বিলম্ব হবে।’প্রসঙ্গত, সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ আছে। ২০০৩ সালে এসব পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে এসব ইউপির মেয়াদ উত্তীর্ণ হলেও সীমানাসংক্রান্ত আইনের জটিলতার কারণে প্রায় দুই বছরেও এসব নির্বাচন করা সম্ভব হয়নি।