পৌরসভার পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সীমানা-সংক্রান্ত আইনি জটিলতা দূর করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০১০ পাস হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় বিএনপির নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল সংসদে অনুপস্থিত ছিল। বিলটি পাসের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১০ পাস হয়। এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি পাসের সুপারিশ করে সংসদে কমিটির প্রতিবেদন উপস্থাপন করে। এদিকে পাস হওয়া বিলের প্রতিবেদনে সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত জটিলতা এড়াতে এ আইনটি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিদ্যমান আইনের ১৩ (১) উপধারাটি বিদ্যমান থাকলে আইনি জটিলতার সৃষ্টি হয়ে নির্বাচন বিলম্বিত হতে পারে, এমন আশঙ্কা থেকে এ সংশোধন আনা হয়েছে। বিলটির ৫ ধারায় সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলা হয়, সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে ওয়ার্ডের লোকসংখ্যা ১০ শতাংশের কম বা বেশি হলে অগণিত গ্রাম ও মৌজা ভাঙাগড়ার প্রয়োজন হবে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। বিলটিতে সংশোধনী আনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, ‘এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের জনসংখ্যার পার্থক্য ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। সংশোধনীতে সৃষ্ট সমস্যা সম্পর্কে বলা হয়, ‘নির্বাচন উপযোগী সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ড নতুন করে বিভক্তির প্রয়োজন পড়বে। এ জন্য যথেষ্ট সময় প্রয়োজন এবং এ কারণে নির্বাচন অনুষ্ঠানে আরও বিলম্ব হবে।’উল্লে¬খ্য সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ আছে। ২০০৩ সালে এসব পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় যেগুলো ২০০৮ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু সীমানা-সংক্রান্ত আইনের জটিলতার কারণে প্রায় দুই বছরেও এগুলোর নির্বাচন করা সম্ভব হয়নি।