পুরোনো সীমানাতেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে
পুরোনো সীমানাতেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য দেশের পৌরসভাগুলোর নতুন করে ওয়ার্ডভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করতে হবে না। দ্রুততম সময়ে দেশের মেয়াদোত্তীর্ণ এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে সরকার এ-সংক্রান্ত আইন দুটি সংশোধন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফুন নেছা মোশাররফ যোগ দেন। সভায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১০ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আইনটি সংসদে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়।সভায় স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১০ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের লোকসংখ্যার পার্থক্য ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার ভিত্তিতে পুনরায় ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হলে দেশের বহুসংখ্যক পৌরসভার ওয়ার্ডের সীমানা নতুন করে করতে হবে। এ নিয়ে মামলা-সংক্রান্ত জটিলতা থেকে নির্বাচন আটকে যেতে পারে। এ জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ১৬(১) ধারাটি সংশোধন করে নতুন আইন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি বছরের মধ্যে ২৭২টি পৌরসভা ও চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে মন্ত্রণালয়া থেকে প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছে।