পুরোনো ১৩ জেলার পৌরসভাকে সিটি করপোরেশন করার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুরোনো আরও ১৩টি জেলা সদরের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার চিন্তাভাবনা করছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সম্ভাব্যতা যাচাই করছে।দেশের ১৯টি পুরোনো জেলার মধ্যে ছয়টিতে সিটি করপোরেশন আছে। এগুলোর প্রত্যেকটিই এখন বিভাগীয় শহর। বাকি ১৩টি পুরোনো জেলা সদরকেও সিটি করপোরেশন করার কথা ভাবছে সরকার। এর মধ্যে রংপুরকে সম্প্রতি বিভাগে উন্নীত করা হয়। বিভাগীয় শহর বলে রংপুর পৌরসভারও সিটি করপোরেশনে উন্নীত হওয়ার কথা।জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পুরোনো আরও ১৩ জেলায় সিটি করপোরেশন প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের চিন্তাভাবনার কথা স্বীকার করেন। জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার-বিশেষজ্ঞরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তাঁরা পৌরসভাকে সিটি করপোরেশন করার জন্য কিছু সুনির্দিষ্ট মানদণ্ড ঠিক করে দেবেন। দেশে বর্তমানে ছয়টি সিটি করপোরেশন আছে। এগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট। বাকি ১৩ জেলা হলো: রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও পার্বত্য চট্টগ্রাম। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ নতুন সিটি করপোরেশন করার ব্যাপারে সরকরের চিন্তাভাবনা সম্পর্কে প্রথম আলোকে বলেন, পৌরসভা বা সিটি করপোরেশন যে নামেই ডাকা হোক, জনগণের সেবা পাওয়া দরকার। সিটি করপোরেশন হলে মানুষ সেবা পাবে কি না, সেটাই মূল বিষয়। তিনি বলেন, দেশে যেসব পৌরসভা আছে, সেগুলো যথার্থ সেবা দেয় কি না, তা দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। স্থানীয় সরকার-বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে জানান, কাঠামোগত ব্যয় না বাড়িয়ে সেবা বাড়ানো দরকার। তা ছাড়া কাঠামো বড় হলেই যে সেবা বাড়বে, তা না-ও হতে পারে। সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার একটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসেছে। কুমিল্লা পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে উপস্থাপন করা হলে তিনি পুরোনো ১৯টি জেলা ধরে এগুলো সিটি করপোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় আয়ের উৎস, এলাকার অর্থনৈতিক গুরুত্ব, অবকাঠামোগত সুবিধাদি ও সম্প্রসারণের সুযোগ, বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় এবং জনমত প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে। এসব মানদণ্ড পুরোপুরি পূরণ হলেই পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে।