পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরে যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্টেশন) করে পুরোপুরি সুস্থ হয়ে ইরশাদ আহমেদ আজ মঙ্গলবার বারডেম হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ইরশাদ এখন পুরোপুরি সুস্থ।ইরশাদ আহমেদের সুস্থ হওয়া উপলক্ষে আজ হাসপাতাল মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ৩ জুন বারডেম হাসপাতালের প্রধান যকৃৎ প্রতিস্থাপন শল্যবিদ (চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন) অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ২৪ সদস্যের চিকিৎসক দল ইরশাদ আহমেদের দেহে যকৃৎ প্রতিস্থাপন করে। মামা খালেদ আবদুল্লাহর যকৃতের কিছু অংশ তাঁর যকৃতে জুড়ে দেওয়া হয়। বাংলাদেশে এমন শল্য চিকিৎসা এটাই প্রথম।আজকের অনুষ্ঠানে চিকিত্সক মোহাম্মদ আলী জানান, ইরশাদ পাঁচ বছর ধরে যকৃতের অসুখে (লিভার সিরোসিস) ভুগছিলেন। সুস্থ করতে তাঁর যকৃতের কিছু অংশ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। ওই অভাব পূরণে তাঁরই মামা খালেদ আবদুল্লাহর যকৃতের একটি অংশ ইরশাদের যকৃতে জুড়ে দেওয়া হয়।খালেদ আবদুল্লাহর যকৃতের ডান অংশের ৭৫২ গ্রাম যকৃৎ নেওয়া হয়েছে। তিনিও এখন পুরোপুরি সুস্থ। তবে কিছুদিন তাঁকে চিকিৎসকদের নিয়মিত চেকআপে থাকতে হবে।ইরশাদ আহমেদ সাংবাদিকদের জানান, ‘লিভারে রোগ হওয়ায় আমি জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। ভারত ও সিঙ্গাপুরে গিয়েও কোনো লাভ হয়নি। তবে বারডেম হাসপাতালে চিকিৎসার পর আমি এখন সুস্থ।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব, বারডেমের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি এ আর খান ও আইনজীবী রফিক-উল হক, সমিতির ন্যাশনাল কাউন্সিলের সদস্য মির্জা মাজহারুল ইসলাম, বারডেমের কিডনি প্রতিস্থাপন ইউনিটের প্রধান আবুল মনসুর, আনিসুর রহমান বক্তব্য দেন।