পুলক হত্যা: ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার রাতে নিহত এইচএসসি পরীক্ষার্থী পুলক পালের (১৯) হত্যাকারী এমরান মিয়াকে গ্রেপ্তারের দাবিতে ২ নম্বর পুল এলাকায় পাঁচ হাজার নারী ও পুরুষ সড়ক অবরোধ করেছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটা থেকে থেকে তারা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবরোধ এখনো চলছে।প্রশাসন আজ বিকেলের মধ্যে এমরান মিয়াকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছিল। কিন্তু তা না হওয়ায় পাঁচ হাজার নারী-পুরুষ ঢাকা মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এতে রাস্তার দুই পাশে আড়াই শতাধিক গাড়ি আটকা পড়েছে।প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে পুলক পাল (১৯ ) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত পুলক এ বছর শ্রীমঙ্গল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি ও চাকরি করে তিনি সংসার চালাতেন। শ্রীমঙ্গল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজ সূত্রধর নামে এক ছেলেকে মারধরের ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ২ নম্বর পুল এলাকায় পুলকের সঙ্গে এমরান মিয়া, এনামুল হক ও রাজু দাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এমরান পুলকের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন এনামুলকে আটক করলেও এমরান মিয়া আরও একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।