পুলিশ, গার্মেন্টস, এরপর কে...(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানায় আগুন লাগার ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত; তাতে কোনো সন্দেহ নেই। এক নম্বরে পুলিশ, তারপর গার্মেন্টস। এরপর কিসের ওপর হামলা হবে, সেটা দেখতে হবে।’আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে উড়াল সড়কের গার্ডার পড়ে শতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় আজ সোমবার সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার আগে ডেপুটি স্পিকার শওকত আলী শোক প্রস্তাব উত্থাপন করেন। তখন তোফায়েল আহমেদসহ বেশ কজন সাংসদ এর ওপর আলোচনার দাবি করেন। এরপর আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হয়। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আশুলিয়ার তাজরীন ফ্যাশনে আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনী ও র্যাবও পাঠানো হয়। আমি বিষয়টি শুরু থেকে পর্যবেক্ষণ করেছি। রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। যারা ছাদে উঠেছিল, তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কী পরিমাণ লোক আটকা পড়েছিল, সেটা রাতে জানা যায়নি। সকালে জানা যায়, মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে। চেহারা চেনা যায় না। জানি না, জীবন নিয়ে এ খেলা কবে শেষ হবে।’ প্রধানমন্ত্রী জানান, ১০৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬০টি লাশ শনাক্ত করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৭টি লাশের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। যেগুলো বেশি পুড়েছে, সেগুলোর দাঁত নেওয়া হয়েছে, চাইলে ডিএনএ পরীক্ষা করে লাশ দিতে পারবে। সে ব্যবস্থাও করা আছে।’ শেখ হাসিনা বলেন, ‘রোববার ডেবুনেয়ার গার্মেন্টসে আগুন লাগানোর চেষ্টা করেছে চক্রান্তকারীরা। সুমী বেগম নামের এক শ্রমিক কারখানায় আগুন দেয়। অন্য একজন তা দেখে ফেলায় সঙ্গে সঙ্গে আগুন নেভানো হয়। এ জন্য পুলিশ সুমী বেগম ও জাকির নামের দুজনকে গ্রেপ্তার করেছে। আমি সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে তা দেখেছি, সুমী আগুন দিয়ে বেরিয়ে আসছে। সুমী বেগম স্বীকার করেছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সে এ কাজ করেছে। এর পেছনে কারা জড়িত, তাদের খুঁজে বের করতে হবে। যখন বিদেশি ক্রেতারা (বায়ার) আসে, চুক্তি (কনট্রাক্ট) সই করা হয়, তখনই এই ঘটনা ঘটানো হলো।’প্রধানমন্ত্রী বলেন, ‘পাট থেকে বৈদেশিক মুদ্রা আসত, তাই স্বাধীনতার পর পাটের গুদামে আগুন লাগত। এখন তৈরি পোশাক খাত থেকে বৈদেশিক মুদ্রা আসে, তাই পোশাক কারখানায় আগুন দেওয়া হচ্ছে। কিছু লোক আগুন লাগার পর দুর্ঘটনাকবলিত মানুষকে সাহায্য না করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, উদ্ধারকারীদের ওপর আক্রমণ করে।’ প্রধানমন্ত্রী এ ধরনের পরিস্থিতিতে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি না করার জন্য শ্রমিকনেতাদের প্রতি আহ্বান জানান। আশুলিয়ার অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘একটি মেয়ে শুধু আগুন দিয়ে দেবে, এটা হতে পারে না। এর মধ্যে রাজনীতি আছে। এর মধ্যে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার তত্পরতা আছে।’ তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক রপ্তানিতে চীন এক নম্বরে, বাংলাদেশ দুই নম্বরে। যখন বাংলাদেশ এক নম্বর হতে চলেছে, তখনই এই ঘটনা ঘটিয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত হওয়া দরকার।’রাশেদ খান মেনন বলেন, ‘অতীতে যেসব ঘটনা ঘটেছে, সেখানে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এসব ঘটনা ঘটছে। এখন শুধু সমবেদনা জানালে হবে না, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে চিকিত্সার ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে উড়াল সড়কের (ফ্লাইওভার) গার্ডার আগেও পড়েছে। সেখানেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’ বহদ্দারহাটের ঘটনা প্রসঙ্গে সরকারি দলের মোশাররফ হোসেন বলেন, ‘বাইরে দেখা যায়, রেল দুর্ঘটনা ঘটলে মন্ত্রী পদত্যাগ করেন। আমাদের এখানে সেটা হয় না। তাই শুধু শোক প্রস্তাব আনলে হবে না, পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণের বাইরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এসব ঘটনার পেছনে কারা আছে, কারা প্রতিবার এ ধরনের ঘটনা ঘটায়, তা খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টি এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।’ শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন ও সরকারি দলের সাংসদ শাহরিয়ার আলম।বিল পাস: আজ সংসদে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল ২০১২ পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। সবশেষে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।