পুলিশ আইন ভাঙলে অনেক বেশি শাস্তি হওয়া উচিত
দেশের পুলিশ বাহিনীর সাম্প্রতিক কাজের সমালোচনা করে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘পুলিশ বাহিনীর কাজ আইন রক্ষা করা। কিন্তু তারা যখন আইন ভাঙেন সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তাই সাধারণ কেউ আইন ভাঙলে যে শাস্তি হওয়া উচিত, পুলিশের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি শাস্তি হওয়া উচিত।’আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে আমরা তরুণ: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন-২০১২-এর শেষ দিনে এ সভার আয়োজন করা হয়।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দুর্নীতি বন্ধে তরুণসমাজকেই নেতৃত্ব দিতে হবে। প্যানেল আলোচনায় অংশ নিয়ে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল নিজ নিজ অবস্থান থেকে সাহসের সঙ্গে দুর্নীতির মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।টিআইবির কোষাধ্যক্ষ ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম দুর্নীতিকে ক্যানসারের সঙ্গে তুলনা করে তরুণদের আরও সংগঠিত হয়ে দেশকে সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে রক্ষার আহ্বান জানান। সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, তরুণদের সুশিক্ষায় শিক্ষিত এবং নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। সভা সঞ্চালক ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তরুণেরাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।সম্মেলনে দ্বান্দ্বিক রাজনীতির ঊর্ধ্বে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতার পূর্ণ বাস্তবায়নের দাবি করে মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।দুই দিনব্যাপী এ সম্মেলন শেষে একটি ঘোষণাপত্রও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বতন্ত্র বিচার বেঞ্চ গঠন করতে হবে। এ ছাড়া রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে সব সমস্যার ওপর জোর দেওয়া হয়েছে সম্মেলনের ঘোষণাপত্রে। একই সঙ্গে সব আদিবাসী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতিরও দাবি জানানো হয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত এ সম্মেলনে ঢাকা ও দেশের ৪৫টি অঞ্চল থেকে দুই হাজারেরও বেশি তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।