পুলিশ আগের চেয়ে ভালো, এই সার্টিফিকেট দিতেই হবে (অডিও)
পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সবাই সমালোচনামুখর হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাদের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে।’ পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা শেষে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পুলিশের কাছেই কিন্তু মানুষকে যেতে হয়। যখন তার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, রাস্তায় এটা বিপদে পড়ে তখন কিন্তু পুলিশের কাছেই ছুটে যায়। তখন কিন্তু কারো মুখে শুনি না এই পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে সবাই যে ভালো হবে, এমন কোনো কথা নয়। তবে আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’ আগে পরিস্থিতি খারাপ ছিল ইঙ্গিত করে সাহারা খাতুন বলেন, ‘আমার ডান পা ভাঙা, আগে এ রকম ঘটনাও ঘটেছে।’ প্রসঙ্গত, অতীতে আদালত প্রাঙ্গণে পুলিশ আইনজীবীদের লাঠিপেটা করেছিল। সেখানে আইনজীবীদের মধ্যে সাহারা খাতুনও ছিলেন।সাহারা খাতুন বলেন, ‘এক লাখ ৪১ হাজার পুলিশ রয়েছে। এর মধ্যে যে সবাই ভালো হবে, তা বলব না। তবে পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।’ তিনি দাবি করেন, ‘গত সাড়ে তিন বছরে যখনই পুলিশ ব্যত্যয় ঘটিয়েছে, তখনই ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে।’সভায় পরিবহন সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী পাঁচ মাসের মধ্যে সব যানবাহনে ডিজিটাল নম্বরফলক লাগাতে হবে। ছিনতাই ঠেকাতে সব মালবাহী গাড়িতে জিপিএস লাগাতে হবে।মহাসড়কগুলোতে লাইসেন্স ছাড়া কোনো নসিমন, ইজিবাইক যাতে না চলতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।এ ছাড়া সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মন্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন সাহারা খাতুন।উল্লেখ্য, পুলিশের হাতে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকসহ সব সাংবাদিক নির্যাতনের ব্যাপারে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের একটু দূরে থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে আজ বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সৌজন্যে:এবিসি রেডিও