পুলিশ আগের চেয়ে ভালো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ আগে চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেট (সনদ) আপনাদের দিতেই হবে। তবে সবাই ভালো হবে, এমন কোনো কথা নয়।’ পরিবহন খাতে চাঁদাবাজি ও অন্যান্য সমস্যা সমাধানে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশের পক্ষে এই সাফাই গান।পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই পুলিশের কাছেই কিন্তু মানুষকে যেতে হয়। যখন বিপদে পড়ে, তখন কিন্তু পুলিশের কাছেই ছুটে যায়। তখন কিন্তু কারও মুখে শুনি না, এই পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে সবাই যে ভালো হবে, এমন কোনো কথা নয়। আগে পরিস্থিতি খারাপ ছিল—এমন ইঙ্গিত করে সাহারা খাতুন বলেন, ‘এই পুলিশ আগে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। আমারও ডান পা ভাঙা, আগে এ রকম ঘটনাও ঘটেছে।’ প্রসঙ্গত, বিরোধী দলে থাকার সময় আদালত প্রাঙ্গণে পুলিশ আইনজীবীদের লাঠিপেটা করেছিল। সেখানে আইনজীবীদের মধ্যে সাহারা খাতুনও ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক লাখ ৪১ হাজার পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে যে সবাই ভালো হবেন, তা বলব না। তবে পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। তিনি দাবি করেন, গত সাড়ে তিন বছরে যখনই পুলিশ ব্যত্যয় ঘটিয়েছে, তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মন্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন সাহারা খাতুন।পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে গত মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের একটু দূরে থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যানবাহনে ডিজিটাল নম্বরফলক লাগাতে হবে: সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী পাঁচ মাসের মধ্যে সব যানবাহনে ডিজিটাল নম্বরফলক লাগাতে হবে। ছিনতাই ঠেকাতে সব মালবাহী গাড়িতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) লাগাতে হবে।মহাসড়কগুলোতে লাইসেন্স ছাড়া কোনো নছিমন, ইজিবাইক যাতে না চলতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন।