পুলিশ আমাকে বাসা থেকে বের হতে দেয়নি: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী অভিযোগ করেছেন, গতকাল বুধবার সারা দিন তিনি বাসা থেকে বের হতে পারেননি। পুলিশ সকাল থেকেই তাঁকে তাঁর লালবাগের বাসায় অবরোধ করে রাখে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক এবং আমিনীর ব্যক্তিগত সহকারী আহলুল্লাহ ওয়াসেল প্রথম আলোকে জানান, গতকাল ইসলামী মোর্চা বাংলাদেশের নাম পরিবর্তন করে খেলাফতে ইসলামী বাংলাদেশ রাখা হয়। এ উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে ফজলুল হক আমিনীর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে পুলিশ আমিনীর লালবাগের বাসার সামনে অবস্থান নিয়ে তাঁকে অবরোধ করে রাখে। তাঁকে লালবাগ মাদ্রাসায়ও যেতে দেওয়া হয়নি। ফলে তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, আমিনীর মেয়ের জামাই জুবায়ের আহমেদ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি রয়েছে বলে জিডিতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে আমিনীকে পুলিশ পর্যবেক্ষণে রেখেছে। আমিনী যোগ না দেওয়ায় খেলাফতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্ব বিকেলে লালবাগ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে আমিনী নারীনীতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে বলেন, নারীনীতি যদি সংশোধন না করা হয়, তাহলে আল্লাহর গজব নেমে আসবে। আমিনী বলেন, ‘সরকার আমার ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করছে। আমাকে দেশের কোথাও যেতে দিচ্ছে না। আর আলেম-ওলামাদের ওপর যেভাবে নির্যাতন শুরু হয়েছে, তাতে আমার মনে হয় এই সরকার বেশি দিন টিকতে পারবে না।’ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ঢাকা মহানগর আমির মাওলানা আবুল কাশেম, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব শফিক উদ্দিন প্রমুখ।